বাংলাদেশে পাচারের আগে হিলি সীমান্তে আটক 50 লক্ষ টাকার তক্ষক
বাংলাদেশে পাচারের আগেই ফের হিলিতে উদ্ধার প্রায় ৫০ লাখ টাকার তক্ষক। গতকাল গভীর রাতে বিএসএফ জওয়ানরা হিলি থানার নর্থ আগ্রা থেকে তক্ষকটিকে উদ্ধার করে। তবে ঘটনায় কোন পাচারকারীদের আটক বা গ্রেপ্তার করতে পারেনি বিএসএফ। বুধবার উদ্ধার হওয়া তক্ষকটিকে বালুরঘাট বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এই চক্রের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, গত ১১ নভেম্বরের পর ফের হিলি সীমান্তের একই বিওপি এলাকা থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকার তক্ষক।
গতকাল গভীর রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে একটি তক্ষক সহ পাচারকারীরা হিলি সীমান্তের নর্থ আগ্রা এলাকায় জমায়েত হন। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১৯৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা অভিযান চালায় সীমান্তে। সেই সময় পাচারকারীরা তক্ষকটিকে ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিএসএফ তক্ষকটিকে উদ্ধার করে। এদিন সেই উদ্ধার হওয়া তক্ষকটি এদিন বালুরঘাটে বনদপ্তরের হাতে তুলে দেয় বিএসএফ। তক্ষকটির ওজন ১১০ গ্রাম ও লম্বায় ১৪ ইঞ্চি। তবে উদ্ধার হওয়া তক্ষকটির লেজ ছিল না। বিএসএফ ও বনদপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া তক্ষকটির আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
কিভাবে ওই তক্ষক সীমান্তে পৌঁছালো তা খতিয়ে দেখছে বিএসএফ। এবিষয়ে বালুরঘাট বনদপ্তরের বিট অফিসার নিখিল খেত্রি বলেন, আজকে বিএসএফের তরফে একটি তক্ষক বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ জওয়ানরা অভিযান চালিয়ে হিলি থেকে এই তক্ষকটি উদ্ধার করেছে। বাংলাদেশে পাচারে জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান। এনিয়ে রেঞ্জারের সঙ্গে কথা বলেছেন। তিনি নির্দেশ দিলেই আগামীকাল উদ্ধার হওয়া তক্ষকটি রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসে ছেড়ে দেওয়া হবে।

Post a Comment