গড়বেতার একটি হিমঘরে আগুন, মৃত এক শ্রমিক এলাকা জুড়ে চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমলাগোড়া এলাকায় অন্নপূর্ণা কোল্ড স্টোরেজে নামে একটি হিমঘরে সোমবার দুপুরে আগুন লাগে। প্রায় আট ঘণ্টার চেষ্টায় রাত্রি দশটা নাগাদ দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর ওই হিম ঘরের ভিতর থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।মৃত শ্রমিকের নাম আসমান মোল্লা। তার বাড়ি নদীয়া জেলার তেহট্ট থানার গোবিন্দপুর গ্রামে। ২৮ বছর বয়সী ওই শ্রমিকের মৃতদেহটি মঙ্গলবার উদ্ধার করে গড়বেতা থানার পুলিশ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ওই হিমঘরের একটি ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন ঠিকাদার সংস্থার অধীনে ১৫ জন শ্রমিক। কাজ করার সময় ঘরের মধ্যে আগুনের ফুলকি ও ধোঁয়া দেখতে পায় শ্রমিকেরা। যার ফলে ওই হিমঘরে কাজ করতে থাকা শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। হিমঘরের ওই ঘরে আলু সংরক্ষণ করা না থাকলেও সেখানে রাখা ছিল থার্মোকল সহ কিছু দাহ্য পদার্থ।যার ফলে ক্ষণিকের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। হিমঘরের বিভিন্ন অংশ ধোঁয়ায় ভরে যায়। সেই ঘরে বিদ্যুতের কাজ করার ঠিকাদার সংস্থার কর্মীরা সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে আসেন ।তারপর দমকলের দুটি ইঞ্জিন এর চেষ্টায় প্রায় আট ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর ঘরের ভিতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন এক শ্রমিককে।
ধোঁয়ায় ভরে যায় ঐ ঘরটি,যার ফলে ওই ঘর থেকে বেরোতে না পেরে অক্সিজেনের অভাবে দমবন্ধ হয়েওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ ও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান।হিমঘরের অন্যতম মালিক মনোরঞ্জন পাত্র বলেন হিমঘরে বিদ্যুতের কাজ করার ঠিকাদারি সংস্থার কর্মীরা বেরিয়ে এলে ও ওই শ্রমিক হয়তো বেরোতে পারেনি তাই এই ঘটনা ঘটেছে। তবে গড়বেতা থানার পুলিশ হিমঘরে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছে। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment