হোটেলের বন্ধ ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার যুগল, সন্দেহ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা - The News Lion

হোটেলের বন্ধ ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার যুগল, সন্দেহ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা

 



 দি নিউজ লায়ন;   হোটেলের ঘর থেকে এক ব্যক্তি এবং এক মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল পুলিশ। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার একটি হোটেলে ওই ঘটনা ঘটে। হোটেল সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এরা। নিজেদের দম্পতি পরিচয় দিয়ে শুক্রবার সকালে এরা হোটেলে একটি ঘর ভাড়া নেয়। শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ রুম ক্লিনিং করতে গিয়ে হোটেল কর্মীরা দেখেন রুমের গেট ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও এদের সাড়া না পেয়ে গোলাবাড়ি থানায় খবর দেওয়া হয়। 


পুলিশ  ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। এদের অচৈতন্য অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়। ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই এদের চিকিৎসা চলছে। কি কারণে এই ঘটনা তা জানা যায়নি। এরা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিনা, বা খাবারের বিষক্রিয়া থেকে এই ঘটনা কিনা তা এখনও পরিষ্কার নয়। 


হোটেল কর্মীদের দাবি এরা রাতে কোনও খাবার আনার জন্য অর্ডার করেননি। ঘটনার তদন্ত চলছে। হোটেল মালিকের দাবি, এইরকম ঘটনা তাঁদের হোটেলে এই প্রথম ঘটল। পুলিশ সূত্রের খবর, আপাতত ওই পুরুষ এবং মহিলার শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। তারা সুস্থ হলে তাদের সঙ্গে পুলিশ কথা বলবে। পাশাপাশি তারা যে পরিচয় দিয়ে হোটেলে উঠেছিল এবং বাড়ির ঠিকানা দিয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


সেটি আদৌ সত্যি কিনা তদন্তকারী আধিকারিকরা সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছেন। পাশাপাশি কিভাবে তারা সংজ্ঞাহীন হয়ে পড়লেন সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়। এ ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিষক্রিয়াতেই তারা সংজ্ঞাহীন হয়ে পড়েন। 


তবে সেই বিষ কোথা থেকে এলো পুলিশ তা তদন্ত করে দেখছে। সবমিলিয়ে অত্যন্ত জনবহুল এলাকায় একটি হোটেল থেকে দম্পতি পরিচয় দিয়ে ঘর ভাড়া নেওয়া যুগলকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.