জাল নথি পেশ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ - The News Lion

জাল নথি পেশ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ




দি নিউজ লায়ন ;   জাল নথিপত্র পেশ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনা বর্ধমান থানা এলাকায়। ধৃতের নাম হারাধন রুদ্র। বর্ধমান শহরের কাঁটাপুকুর এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, হারাধন ও শহরের বিএল চৌধুরি লেনের বাসুদেব দাস ও তার ছেলে উৎপল ওষুধ ব্যাবসার জন্য ২০০৯ সালে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক থেকে ২৪ লক্ষ ৯০ হাজার টাকা ঋণ নেয়। 


কিন্তু, তারা ঋণ পরিশোধ করেনি। ব্যাংক থেকে ঋণ পরিশোধের জন্য বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়। ঋণটি অনুৎপাদক সম্পদে পরিণত হয়। এরপরই ব্যাংক কর্তৃপক্ষ সারফেইসি অ্যাক্টে ঋণ আদায়ের জন্য বন্ধক রাখা সম্পত্তি ক্রোকের উদ্যোগ নেন। খোঁজখবর নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারেন, ঋণ পেতে ব্যাংকে সম্পত্তির যেসব নথি জমা দেওয়া হয়েছিল তা জাল। এরপরই ব্যাংকের তরফে শাখা প্রবন্ধক বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। 


তার ভিত্তিতে জাল নথিপত্র তৈরি করে অর্থ আত্মসাত ও প্রতারণার ধারায় মামলা রুজু হয়। যদিও অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিস। গত ২৮ অক্টোবর তদন্তকারী অফিসার বাসুদেব, উৎপল ও হারাধনকে পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট পেশ করেন। তদন্তকারী অফিসারের আবেদন মঞ্জুর করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে আদালত। বুধবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে।


 বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের আইনজীবী আদালতে বলেন, তদন্ত সম্পূর্ণ করে ইতিমধ্যেই পুলিস চার্জশিট পেশ করেছে। তাই, তদন্তের প্রয়োজনে ধৃতকে আর আটকে রাখার প্রয়োজন নেই। তাছাড়া ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য ধারায় চার্জশিট পেশ হয়েছে। সওয়াল শুনে ধৃতের জামিন মঞ্জুর করেন বিচারক

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.