এই জায়গা আপনাকে স্মরণ করিয়ে দেবে বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করার লড়াই - The News Lion

এই জায়গা আপনাকে স্মরণ করিয়ে দেবে বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করার লড়াই

 



 ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তস্নাত রোষানলে পড়ে নিরস্ত্র স্বাধীনচেতা বাঙালিরা। ভাষার জন্য জীবন দিয়ে বাঙালিরাই দেখিয়ে দেয় দাবি আদায়ের পথ পরিক্রমা। ১৯৫২ সালে এ দেশের দেশপ্রেমিক জনগণ প্রতিবাদ করেছিলেন পশ্চিম পাকিস্তানের তৎকালীন কর্তৃত্ববাদী শাসকদের সিদ্ধান্তের, যারা জোর করে ঘোষণা করেছিলেন যে উর্দুকে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) রাষ্ট্রভাষা করা হবে। 


ঢাকা মেডিকেল কলেজের একাধিক মেধাবী শিক্ষার্থী এবং সাধারণ মানুষ প্রতিবাদ বিক্ষোভে তাদের জীবন হারায়, যাকে ‘বাঙালির ভাষা আন্দোলন’ হিসেবে অভিহিত করা হয়। সেই ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়।    ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।  


প্রতি বছর ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে হাজার হাজার মানুষ খালি পায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ শহীদ মিনার আপনাকে স্মরণ করিয়ে দেবে সাহসী সেই শহীদরা কীভাবে তৎকালীন শাসকদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছিলেন।  সাহসী ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে আপনি যে কোনো দিন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে যেতে পারেন। এটি রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.