কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি, আত্মহত্যা স্কুলছাত্রীর
দি নিউজ লায়ন ; আপত্তিকর ছবি দেখিয়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি৷ আর এতেই লোক লজ্জার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল সপ্তম শ্রেণীর এক ছাত্রী। মৃত ওই ছাত্রীর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেলঘড়িয়া এলাকায়। গতকাল দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই নাবালিকা।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সোমবার তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে ওই ব্যক্তির বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত স্কুল ছাত্রীর পরিবার। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেলঘরিয়ায় ওই নাবালিকার প্রতিবেশী সঞ্জয় পাহান(২২)। অভিযোগ, সঞ্জয় মৃত নাবালিকার আপত্তিকর ছবি তুলে ছিল। এবং সেই আপত্তিকর ছবি দেখিয়ে কুপ্রস্তাব দিয়েছিল৷
সেই কুপ্রস্তাবে রাজী না হওয়ায় আপত্তিকর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয় সঞ্জয়৷ এদিকে এনিয়ে গতকাল ওই নাবালিকা কাঁদতে কাঁদতে এসে তার পরিবারকে পুরো ঘটনা বলে৷ এদিকে বিষয়টি জানার পরই পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় নাবালিকার পরিবার। এরপর ওই নাবালিকার পরিবারের সদস্যরা কাজে বেরিয়ে পড়ে। এদিকে লোক লজ্জার ভয়েই বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই নাবালিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।
এদিকে এই নিয়ে নাবালিকার পরিবার সোমবার বালুরঘাট থানায় প্রতিবেশী সঞ্জয় পাহানের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে এবিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার ধীমান মিত্র, জানান এনিয়ে অভিযোগ পেয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment