জয়নগরে উদ্ধার মুণ্ডহীন দেহ। মাথা পাওয়া গেল কিছুটা দূরের খাল থেকে
নির্জন এলাকায় রাস্তার উপরে পড়ে মুণ্ডহীন দেহ। আর রাস্তা থেকে দূরে খাল থেকে উদ্ধার হল মহিলার কাটা মুণ্ডু। শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে জয়নগর থানার রাজাপুর-করাবেগ এলাকায়। স্থানীয় বাসিন্দারা মুণ্ডুহীন দেহ পড়ে থাকতে দেখে খবর দেয় জয়নগর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। যদিও। কাটামুণ্ডু প্রথমে পায়নি পুলিশ। গ্রামবাসীরা রাস্তার পাশে গোদাবর-ছানাগুড়ি খালে জাল ফেলে খোঁজ চালায়। তাঁদের তল্লাশিতে খাল থেকে উদ্ধার হয় যুবতীর রক্তাক্ত কাটামুণ্ডু। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসু, বারুইপুরের এসডিপিও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বাইরের কোন জায়গায় মহিলাকে খুন করে ভোরে দেহ এই জায়গায় ফেলে দেওয়া হয়েছে। নিহতের পরিচয় জানার জন্য জেলার সব থানায় এমনকি অন্য জেলার থানাগুলিতে ছবি পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিলার পরনে সালোয়ার কামিজ ছিল।
বয়স আনুমানিক ৩০-৩৫। মুণ্ডু ও গলার কাছে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গিয়েছে। দেহের পাশ থেকে ছাতা,চশমা,রুমাল,জুতো উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীদের অনুমান মৃতের পরিচয় যাতে জানা না যায় তার জন্যই খুব সম্ভবত মুণ্ডু কেটে অন্যত্র লোপাট করার পরিকল্পনা করে আততায়ীরা। সংখ্যায় অন্তত দুই থেকে তিনজন আততায়ী থাকার সম্ভাবনা প্রবল। আপাতত ময়না তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Post a Comment