বর্ধমানে আম্বুলেন্সে রোগী মৃত্যুর ঘটনায় দুটি বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে মামলা - The News Lion

বর্ধমানে আম্বুলেন্সে রোগী মৃত্যুর ঘটনায় দুটি বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে মামলা


তদন্ত শুরু করল বর্ধমান থানা। মন্তেশ্বর থানার পিপলনের বাসিন্দা স্বপন দাসকে গত ১ অক্টোবর বর্ধমানের বামবটতলার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে ২ দিন ভরতি থাকার পর তিনি কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে চিকিৎসক জানান বলে পরিবারের দাবি। কিন্তু, তাঁর অসুস্থতা বাড়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। পরিবারের লোকজন তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ছাড়তে রাজি হয়নি। এমনকি পরিবারের লোকজনকে ভয় দেখানো হয় বলে অভিযোগ।


 হাসপাতাল থেকে ২ লক্ষ টাকা বিল করা হয়। পরে রোগী করোনা আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। এরপর রোগীকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। অন্যত্র স্থানান্তরের জন্য রোগীকে ভেন্টিলেশনের সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়। পরিজনরা বামবটতলারই অপর একটি হাসপাতালে গিয়ে ভেন্টিলেশনের সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স ভাড়া নেন। ৭ কিলোমিটারের জন্য ২০ হাজার টাকা ভাড়া দাবি করা হয়। তাতেই রাজি হয়ে যান পরিবারের লোকজন। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ অ্যাম্বুলেন্স আসে। অভিযোগ, তার আগেই রোগীকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এমনকি ভেন্টিলেশন থেকে বের করে দেওয়া হয়। রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার সময় তাতে কোনও অক্সিজেনের ব্যবস্থা নেই বলে দেখেন পরিবারের লোকজন।


 অ্যাম্বুলেন্সের চালককে বলায় তিনি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। রোগীকে স্থানান্তরের সময় পুলিস লাইনের কাছে অ্যাম্বুলেন্স খারাপ হয়ে যায়। ব্যাটারি খারাপ হয়ে যাওয়ায় ভেন্টিলেশন পরিষেবা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান রোগী। ঘটনার বিষয়ে মৃতের আত্মীয় কৃশাণু রায় থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, দু’টি বেসরকারি হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। আর কারও যাতে এভাবে মৃত্যু না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন অভিযোগকারী। অভিযোগ পেয়ে বর্ধমানের দু’টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতিতে মৃত্যুর ধারায় মামলা রুজু করেছে পুলিস। থানার এক অফিসার বলেন, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের নোটিশ পাঠানো হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.