দামি ফোনে নানা ঝামেলা, বিরক্ত হয়ে ফোন ফিরিয়ে দিলো চোর
দি নিউজ লায়ন ; দিন তিনেক আগে চুরি যাওয়া সোনার গয়না টাকা ফিরিয়ে দিয়ে গিয়েছিল চোরের দল আর এবার ৫০ হাজার টাকার মোবাইল ফিরিয়ে দিল চোর। যদিও পুলিশ বলছে, চোরের এই 'বোধোদয়' এমনি এমনি নয়, অত দামি ফোন কি করে ব্যবহার করতে হয় বুঝতে না পেরে এবং ধরা পড়ে যাওয়ার ভয়ে ফোন ফেরত দিয়েছে মোবাইল চোর।
ঘটনাটি ঘটেছে জামালপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা শুভাশিষ ভট্টাচার্য শুক্রবার জামালপুর থানা মোড়ের কাছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যান। সেখানেই দোকানের শোকেসের উপর ফোনটি ফেলে আসেন। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর শুভাশিষবাবুর ফোনের কথা খেয়াল হয়। সঙ্গে সঙ্গে যেখানে ফোন ফেলে এসেছিলেন সেখানে ছুটে যান। কিন্তু দামী ফোনটি আর পান নি।
কয়েকবার নিজের ফোনে কল করলেও ফোন সুইচড অফ পান। এরপরই শুভাশিষবাবু পুলিশের দ্বারস্থ হন। পুলিশের তদন্তের মাঝেই দুদিন আগে অর্থাৎ শনিবার সন্ধ্যের পর নিজের হারিয়ে যাওয়া দামী ফোনে কল করতেই সেটি বেজে ওঠে। ফোনের ও প্রান্ত থেকে এক ব্যক্তি জানান ফোন তার কাছে আছে। তিনি ফোনটি ফেরত দিতে চান। এরপর থানার এক সিভিক ভলান্টিয়ারকে নিয়ে ওই দিন রাতেই তাঁর দাদাকে নিয়ে শুভাশিসবাবু ওই ব্যক্তির কথা মতো শাহহুসেনপুর দেওয়ানপাড়ায় যায়।
সেখানে ওই যুবক তাঁদের সঙ্গে দেখা করে ফোনের মালিককে ফোনটি ফেরত দিয়ে দেয়। এরপরই শুভাশিসবাবু এক বাক্স মিষ্টি তুলে দেন ওই যুবককের হাতে। শুভাশিসবাবু সাংবাদিকদের জানান, ‘‘বিদ্যেবুদ্ধি কম থাকাতেই ফোনটি কীভাবে ব্যবহার করবে, বুঝে উঠতে পারেনি ওই যুবক। ফোন ফেরত দিয়ে দেওয়ায় আমিও আর পুলিশের হাতে যুবককে তুলে দি নি।“

Post a Comment