তারাপীঠ মন্দির চত্বরে নিষিদ্ধ হতে চলেছে মোবাইল ফোন
দি নিউজ লায়ন ; তারাপীঠ মন্দিরে নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার। চলতি মাসেই এ ব্যাপারে নির্দেশিকা জারি হবে বলে মন্দির সূত্রে জানা গিয়েছে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, তারাপীঠ মন্দির এবং তারা মায়ের ছবি ব্যবহার করে বিভিন্ন প্রতারণা মূলক বিজ্ঞাপন বিভিন্ন সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে।
তাই মন্দিরের ছবি তোলা বা তারা মায়ের ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার পথে হাঁটছে তারাপীঠ মন্দির কমিটি। খুব দ্রুত এ ব্যাপারে প্রচার চালানো হবে। দর্শনার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন মোবাইল ফোন নিয়ে তারাপীঠ মন্দিরে প্রবেশ না করেন।
পরবর্তীকালে মন্দির চত্বরে মোবাইল জমা রাখার ব্যবস্থা করা হবে বলেও সূত্রের খবর। প্রসঙ্গত কয়েক মাস আগে লকডাউন চলাকালীন তারাপীঠ মন্দিরের নাম জড়িয়ে প্রতারণার বিষয়টি সামনে আসে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যায় একদল প্রতারক তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালাচ্ছে।
বিষয়টি সামনে আসার পরই মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয় অনলাইনে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়া বা তারা মায়ের প্রসাদ পাওয়া যায় না।
এর সঙ্গে তারাপীঠ মন্দিরের কোন যোগ নেই কিন্তু তারপরেও একই রকমের ঘটনা ঘটতে থাকায় এবং একাধিক অভিযোগ মন্দির কমিটির কাছে আসার পর মন্দির চত্বরে মোবাইল ফোনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পথে হাঁটছে মন্দির কর্তৃপক্ষ।

Post a Comment