ভার্চুয়ালি পালন করা হবে ইন্টারন্যাশনাল রেড পান্ডা ডে
দি নিউজ লায়ন ; করোনা আবহে ভার্চুয়ালি পালন করা হবে আন্তর্জাতিক রেড পান্ডা দিবস ( ইন্টারন্যাশনাল রেড পান্ডা ডে )। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক বা পিএনএইচজেডপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক রেড পান্ডা দিবস পালন করা হবে কিন্তু করোনা পরিস্থিতিতে এ বছর আর পার্কের ভেতর কোনো অনুষ্ঠান করা হচ্ছে না।
ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠান হবে। রেড পান্ডা বিষয়ক বিভিন্ন ক্যুইজ থাকছে। রেড পান্ডা নিয়ে ফটোগ্রাফির প্রতিযোগিতা থাকছে। পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক এর ফেসবুক পেজে ক্যুইজ কনটেস্ট এবং বাকি প্রতিযোগিতার লিঙ্ক পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
এছাড়া পার্কের নিজস্ব ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে রেড পান্ডা দিবস উপলক্ষে বিশেষ তথ্যচিত্র দেখানো হবে। যেখানে রেড পান্ডা সংরক্ষণ, তাদের জীবনযাত্রা সম্ভাব্য কি কি প্রতিকূলতা রয়েছে তাদের এই বিষয়গুলো তুলে ধরা হবে।
পিএনএইচজেডপি-র ডিরেক্টর ধরম দেও রাই এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় শনিবার আন্তর্জাতিক রেড পান্ডা দিবস পালন করা হয়। এ বছরও দিনটি পালন করা হবে কিন্তু যেহেতু মহামারীর পরিস্থিতি রয়েছে তাই পার্কের ভেতর কোনো অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না।
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং পার্কের যে নিজস্ব ফেসবুক পেজ রয়েছে সেখানে লাইভ প্রোগ্রাম করা হবে। রেড পান্ডা বিষয়ক বিভিন্ন তথ্যচিত্র দেখানো হবে যাতে সাধারণ মানুষের রেড পান্ডা নিয়ে সচেতনতা বাড়ে।

Post a Comment