রেলে চাকরির নামে প্রতারণা
দি নিউজ লায়ন ; রেলে চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র দিয়ে এক চাকরি প্রার্থীর কাছ থেকে ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো। তদন্তে বর্ধমান থানার পুলিস। পুলিসের কাছে লিখিত অভিযোগে হুগলির চুঁচুড়া থানার ফার্ম সাইড রোডের বাসিন্দা পেশায় চিকিৎসক পুলক মুখোপাধ্যায় জানিয়েছেন, গতবছর তাঁর সঙ্গে ফেসবুকে হুগলির চন্দননগরের দুই বাসিন্দার পরিচয় হয়। তাঁদের মধ্যে একজন মহিলা।
তাঁরা নিজেদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক বলে পরিচয় দেন। তাঁকে তাঁদের সংস্থায় চিকিৎসক হিসাবে কাজ করার জন্য বলেন। তাতে তিনি রাজি হয়ে যান। সংস্থার মাধ্যমে তিনি গরীব লোকজনকে চিকিৎসা করতেন। কিছুদিন পর আলোচনায় তাঁরা তাঁকে এক পরিচিতের কথা জানান। তার রেলে চাকরি করে দেওয়ার ক্ষমতা রয়েছে বলে জানান তাঁরা। পরিচিত এক মহিলার চাকরির জন্য তিনি তাঁদের বলেন।
সেইমতো বর্ধমান শহরের ৫ নম্বর ইছলাবাদের এক বাসিন্দার সঙ্গে তাঁকে যোগাযোগ করতে বলা হয়। তিনি তা করেন। তাঁকে চাকরি প্রার্থীকে নিয়ে বর্ধমানে আসতে বলা হয়। সেইমতো তিনি ইছলাবাদে আসেন। ইছলাবাদের বাসিন্দা পানাগড়ের এক বাসিন্দার সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেয়। তার মাধ্যমে আরও একজনের সঙ্গে যোগাযোগ হয়। সে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয়।
সিবিআই অফিসার পরিচয় দেওয়া ব্যক্তিটি চাকরির জন্য কোথায় কিভাবে টাকা দিতে হবে তা জানায়। হোয়াটস অ্যাপেও তার সঙ্গে কথোপকথন হয়। এর কিছুদিন পর তিনি চাকরি প্রার্থীকে নিয়ে বর্ধমানে এসে ১৩ লক্ষ টাকা দেন। তার কিছুদিন পর চাকরির প্রার্থী যুবতীকে পূর্ব রেলের একটি নিয়োগপত্র দেওয়া হয়। সেটি নিয়ে যুবতী বর্ধমান স্টেশনে আসেন। রেলের কর্মী পরিচয় দিয়ে যুবতীকে দু’জন প্রশিক্ষণ দেয়।
কিছুদিন প্রশিক্ষণ নেওয়ার পর পুরো বিষয়টি ধোঁকা বলে বুঝতে পারেন যুবতী। এরপরই তাঁর এক পরিচিত, যাঁর মাধ্যমে চাকরির যোগাযোগ হয় তিনি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে কেস রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিস।

Post a Comment