ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা
দি নিউজ লায়ন ; পুলিশ কর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা। এবারে মালদার ডিএসপি (ডিএনটি) শুভতোষ সরকারের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ পাতা চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পিছনে যে হ্যাকারদের দল থাকতে পারে, সেটি অনুমান করছে পুলিশ কর্তারা।
পুরো ঘটনাটি নিয়ে সোমবার মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ডিএসপি শুভতোষ সরকার। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকটি সূত্র পেয়েছে সাইবার ক্রাইম থানার পুলিশ। পুরো ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে , তা নিয়ে তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ।
পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এর আগেও উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমারের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার অভিযোগ উঠেছিলো একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মালদার ডিএসপি'র ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে মালদা ডিএসপি শুভতোষ সরকারকে তার এক বন্ধু আলিপুরদুয়ার থেকে ফোন পরে বিষয়টি জানায়।
এরপর নিজের প্রকৃত অ্যাকাউন্টের পাশাপাশি ওই ভুয়ো অ্যাকাউন্ট নিয়েও তদারকি শুরু করেন ডিএসপি শুভোতোষ সরকার। তাতে দেখা যায় ডিএসপি'র ফেসবুক ওয়ালের এবং প্রোফাইলে দেওয়া দুটি ছবি চুরি করে অবিকল নতুন একটি ফেসবুক একাউন্ট খোলা হয়েছে। বিষয়টি জানতে পেরেই সঙ্গে সঙ্গে শুভতোষবাবু তার সমস্ত সহকর্মী, আত্মীয়-পরিজন এবং বন্ধুদের কাছেও রিপোর্ট পাঠিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলার বিষয়টি জানিয়ে দেয় ।
এরপর ওই ভুয়ো অ্যাকাউন্টটি ফটোকপি করে ব্লক করা হয়। পুলিশ জানিয়েছে, এই ধরনের ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অপরাধীদের একটি চক্র নানান ধরনের মেসেজ পাঠিয়ে টাকা তোলার মরিয়া চেষ্টা চালাতে তৎপর হয়ে উঠেছে। যেমনটা এর আগেও অনেকের ক্ষেত্রে করা হয়েছিল । নিজের অথবা বাড়ির কেউ অসুস্থ আছে বলে ভুয়ো ওই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা চেয়ে বিভিন্ন জনকে ম্যাসেজ পাঠায় অপরাধীচক্রের দল। এক্ষেত্রে এটিএম এবং পেটিএমের মাধ্যমে টাকা দেওয়ার কথা নানানভাবে বলে থাকে দুষ্কৃতীরা।

Post a Comment