লকডাউনে মালদার মানিকচকের রাস্তায় দেখা মিলল নীলগাইয়ের
দি নিউজ লায়ন ; লকডাউনের দিন মালদার মানিকচকের শুনশান রাস্তায় ঘুরে বেড়ালো নীলগাই। ধরা পড়লো বনদপ্তরের হাতে। সোমবার লকডাউনের দিন এইরকমই বিভিন্ন ধরনের দৃশ্য উঠে এলো মালদায়।এদিন মানিকচক থানার ডোমহাট এলাকার শুনশান রাস্তায় একটি নীলগাইকে ঘোরাফেরা করতে দেখেই ব্যাপক উদ্দীপনা তৈরী হয় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে এলাকায় পৌঁছায় মানিকচক থানার পুলিশ এবং বনদপ্তরের কর্তারা।স্থানীয় সূত্রে জানাগেছে, এদিন আহত অবস্থায় নীলগাইটি ছোটাছুটি করছিল। পুলিশ ও বনদপ্তরের কর্তারা যৌথভাবে উদ্যোগ নিয়ে নীলগাইটিকে উদ্ধার করে। বনদপ্তরের প্রাথমিক অনুমান বর্ষার মরশুমে নদীর জল বেড়ে যাওয়ায় ভেসে এসেছে এই বন্যপ্রাণীটি।
এ প্রসঙ্গে বনদপ্তরের আধিকারিক ইন্দ্রজিৎ দাস জানিয়েছেন, অনুমান করা হচ্ছে এই নীলগাইটি কোন প্রান্ত থেকে গঙ্গা নদীতে পড়ে যায়। নদীপথে ভেসে এলাকায় এসে পৌঁছায় নীলগাই। তবে স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় নীলগাই উদ্ধার করা সম্ভব হয়েছে।

Post a Comment