চুরি যাওয়া টাকা গহনা ফিরিয়ে দিয়ে গেল চোর - The News Lion

চুরি যাওয়া টাকা গহনা ফিরিয়ে দিয়ে গেল চোর




দি নিউজ লায়ন ;    চুরি করার ৩৬ ঘন্টা পর চোর নিজেই বাড়ি বয়ে এসে ফিরিয়ে দিয়ে গেল চুরি যাওয়া টাকা- গয়না। ঘটনাটি ঘটেছে   বর্ধমানের মাঠপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমান শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের আলুডাঙ্গা মাঠপাড়ার এলাকার বাসিন্দা হীরা শেখ। বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় ঘর তালাবন্ধ করে পরিবারের সদস্যদের নিয়ে হীরা শেখ কাছেই এক আত্মীয়ের বাড়িতে যান।


ওই দিনই  সন্ধ্যের পর ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। তছনছ করে দেওয়া হয়েছে আলমারি। ঘরে রাখা সোনার গয়না, টাকা-পয়সা কিছুই নেই। সঙ্গে সঙ্গে বর্ধমান থানার অভিযোগ দায়ের করেন হীরা শেখ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।



শনিবার সকালে ফোনে হীরা শেখ খবর পান, তাঁর বাড়ির সামনে একটি ব্যাগ পড়ে রয়েছে। তড়িঘড়ি তিনি বাড়ি ফিরতেই চক্ষুচড়কগাছ। দেখেন, চুরি যাওয়া গয়না টাকা-কড়ি সবই রয়েছে ওই ব্যাগের মধ্যে। কিন্তু কী এমন ঘটল যে সবকিছু ফেরত দিয়ে গেল দুষ্কৃতীরা? কারণ যাইহোক, চুরি যাওয়া জিনিস ফিরে পেয়ে খুশি হীরা শেখ ও তাঁর পরিবার।


পুলিশের অনুমান, চোর হল আনকোরা এবং পরিচিত। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে জানতে পারেই ধরা পড়ার ভয়ে টাকা-গয়না ফিরিয়ে দিয়েছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.