জোর করে নাগরিক সচেতনতা বাড়ানো যায় না : সুজন
চট্টগ্রাম প্রতিনিধি, বাংলাদেশ ; নগরবাসীকে অযাচিত দূর্ভোগ থেকে মুক্তি দিতে নতুন ও কার্যকর কিছু করার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আগ্রাবাদ ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেট-বেপারীপাড়া হতে শুরু হয়ে বড়পোল, নিমতলা পর্যন্ত স্কুটি চালিয়ে ক্যারাভান কার্যক্রম পরিচালনা করার সময় তিনি এ কথা বলেন।
চসিক প্রশাসক বলেন, নগরবাসীর সমস্যা ও দূর্ভোগ সরেজমিনে পদক্ষেপ নেয়ার জন্য ও জনসম্পৃক্ততা রক্ষায় ক্যারাভান কর্মসূচী চলছে। ক্যারাভান ক্রমেই জনতার আস্থার কর্মসূচীতে পরিণত হয়েছে। একটা নগর বা দেশকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নাগরিকদেরও নানাবিধ দায়িত্ব পালন করতে হয়। নগরে যারা বসবাস করেন তাদের সকলের কিছু না কিছু দায়িত্ব-কর্তব্য থাকেই। শুধু আইন করে কিংবা জোর দিয়ে নাগরিক সচেতনতা বাড়ানো যায় না। আইনের প্রতি সম্মান দেখাবার মানসিকতা নাগরিকদের স্বতঃস্ফূর্ত না হলে চাপিয়ে দিয়ে তার সুফল ষোল আনা পাওয়া মুশকিল হয়ে পড়ে।
তিনি বলেন, সত্যিকার অর্থে আমাদের এদেশে নাগরিক সচেতনতা কোনও কোনও ক্ষেত্রে যেমন বেড়েছে, তেমনই কোনও কোনও ক্ষেত্রে তার চরম অবনতিও ঘটেছে। লক্ষ্য করা গেছে ক্রমবর্ধমান জনসংখ্যার এই শহরে বর্জ্যব্যবস্থাপনা বেশ উন্নতি হয়েছে। সিটি কর্পোরেশনের প্রচেষ্টা এবং নাগরিকদের সচেতনতা ও দায়িত্ববোধের জন্য নগরীর রাস্তাঘাটে ময়লা-দুর্গন্ধ অনেকটাই নিয়ন্ত্রীত। এজন্য নগরবাসীকে আমরা ধন্যবাদ দিতে চাই। তবে অন্যান্য ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ নাগরিকদের কাছ থেকে আমরা দায়িত্ববোধ ও সচেতনতা প্রত্যাশা করি।
যুবসমাজের উদ্দেশ্যে প্রশাসক বলেন, আমি লক্ষ্য করেছি আপনাদের পর্যাপ্ত খেলার মাঠ নাই, নাই সহপাঠিদের সাথে কথা বলার মত পরিবেশ সম্মত বসার স্থান। তাই এই বিষয়ে আমি পদক্ষেপ নিব। বস্তুতপক্ষে এই শহর মানুষের শহর। তাই বাসযোগ্য শহর গড়তে আমাদেরকেই পদক্ষেপ নিতে হবে। তবেই আমাদের আগামী প্রজন্ম মানসম্মত পরিবেশ পাবে। নাগরিকগণ প্রদেয় ট্যাক্সের বিপরীতে তাদের নাগরিক সেবা শতভাগ বুঝে নেবেন। এতে কোন সমস্যায় উপণীত হলে আমাকে হোয়াটসআ্যপে জানান ১ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিব-ইনশাআল্লাহ।
সুজন বলেন, কিছু ব্যবসায়ী ফুটপাতের উপর অবৈধভাবে পানির ভাউচার ও ড্রাম রেখে মানুষ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। আপনারা মানুষের চলার পথে কাটা হবেন না। আজ বলে যাচ্ছি কাল থেকে আর ছাড় নয়।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ বা কোন দলের নাম ভাঙ্গিয়ে অরাজকতা বরদাস্ত করা হবে না। অরাজকতা দমনের উদ্দেশ্যেই সরকার নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান অব্যাহত রেখেছে। জনগণের সেবক ও বন্ধু হয়ে কাজ করুন।
তিনি বলেন, আজকে আমি একজন রাজনীতিক কর্মী, আপনাদের সহপাঠি কিংবা ভাই হিসেবে এসব অনিয়মের বিরুদ্ধে অনুরোধ করে যাচ্ছি আগামীকাল হয়তো আমাকে প্রশাসকের কঠোর ভুমিকায় অবর্তীর্ণ হতে হবে তখন আমি পরিচিতির আবদার রাখতে পারবো না। আইন আপন গতিতে চলবে।
প্রশাসক টিএন্ডটি কলোনীর সামনে ফুটপাতের উপর গড়ে উঠা অবৈধ কাঁচা বাজার দেখে ক্ষোভ প্রকাশ করে তা তাৎক্ষণিক কিছু অংশ ম্যজিস্ট্রেটের মাধ্যমে ভেঙ্গে দেয়া হয় এবং আগামীকাল থেকে এই বাজার আর না বসানোর জন্য সতর্ক করে দেন। অন্যথায় জরিমানা ও উচ্ছেদের আওতায় আনা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া তিনি এক্সেস রোড ও বড়পুল এলাকায় বেশ কিছু জায়গায় ফুট পাত ও রাস্তা দখল করে ইট, বালি, পাথরের অবৈধ ব্যবসায়ীকে জরিমানা ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মালামাল সরানোর নির্দেশনা দেন নয়ত মালামাল জব্দ করা হবে ছাফ জানিয়ে দেন। এসময় কিছু ব্যবসায়ীকে আর্থিক জরিমানাও করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর লায়ন মোহাম্মদ হোসেন, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দীকী, তত্ত্বাবধায়ক প্রকৌশল ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব ও প্রকৌশলী রেজাউল বারী।




Post a Comment