চট্টগ্রাম শুরু হয়েছে রেলের টিকিট বিক্রি - The News Lion

চট্টগ্রাম শুরু হয়েছে রেলের টিকিট বিক্রি




চট্টগ্রাম প্রতিনিধি,  বাংলাদেশ ; বাংলাদেশ  রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম রেল স্টেশনেও শুরু হয়েছে কাউন্টারে টিকিট বিক্রি। সংশ্লিষ্টরা জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিক্রি শুরু হলেও দুপুর ১২টা পর্যন্ত তেমন একটা ভীড় হয়নি। তবে বেলা গড়িয়ে দুপুরের দিকে বাড়তে থাকে ভীড়। অন্যদিকে করোনা সংক্রমণ এড়াতে এখনো বন্ধ আছে স্টেশন প্ল্যাটফরমের দর্শণার্থী টিকিট বিক্রি।



কাউন্টারে কর্মরতরা বলছেন, দীর্ঘ ৫/৬ মাস পর আজ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। তাই প্রথম প্রহরে টিকিট প্রত্যাশী খুবই কম ছিল। কিন্তু বিক্রি শুরুর মাত্র ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে বদলে যায় চিত্র। দুপুরের দিকে স্টেশনে আসেন বেশ সংখ্যক টিকিট প্রত্যাশী। তবে বিক্রি হচ্ছে মাত্র ২৫% টিকিট। তাই অনেকেই খালি হাতে ফিরছেন।



কাউন্টারে টিকিট কাটতে আসা চাঁদপুরগামী এক যাত্রী আজাদুর করিম বলেন, কাউন্টারে বিক্রির জন্য ২৫ শতাংশের বেশি টিকিট বরাদ্দ দেওয়া উচিত। কারণ সবাই অনলাইনে অভ্যস্থ নয়। আর অনলাইনে টিকিট কাটার সিস্টেম আরও সহজ এবং যাত্রীবান্ধব করতে হবে। কারণ তাহলে সকল রুটের যাত্রীরা সহজেই কাঙ্ক্ষিত টিকিট পেতে পারবেন। আধুনিক মোবাইল ফোন ব্যবহার না করার কারণে অনলাইনে টিকিট কাটতে একশ্রেণির মানুষ সক্ষম হচ্ছে না।



এদিকে, চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, প্রতিটি ট্রেনের আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রয় করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫ শতাংশ স্টেশনের কাউন্টারের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। স্টেশনে টিকিট প্রত্যাশীদের আনাগোনা ক্রমেই বাড়ছে বলে জানান তিনি।



এছাড়া, কাউন্টার, মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইল কোটায় অবিক্রিত টিকিট যাত্রার ১২০ ঘণ্টা পূর্বে যে কোনো মাধ্যম থেকে টিকিট কাটা যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কাউন্টার থেকে যাত্রার ১০ দিন আগের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ২৫ শতাংশ টিকিট বিক্রি অব্যাহত আছে।



প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। সরকারের নির্দেশনার পর গত ৩১ মে থেকে আন্তনগর ট্রেন চালু করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.