নতুন সংসদ ভবন নির্মাণে ব্যয়বরাদ্দের পরিমাণ ৮৬১.৯০ কোটি টাকা
নতুন করে ঢেলে সাজানো হবে সংসদ ভবন। আর তার প্রকল্পের দায়িত্ব পেলো টাটা। সংবাদ সংস্থা জানিয়েছে, নতুন সংসদ ভবন নির্মাণের জন্য আনুমানিক ৯৪০ কোটি টাকা ধার্য্য করেছিল কেন্দ্রীয় সরকার। তবে টাটার দেওয়া দর তার থেকে ৮.৪০ শতাংশ কম। এই দরের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে পাঁচ বছরের জন্য রক্ষণাবেক্ষণের খরচ। নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮২২ কোটি টাকা। নতুন সংসদ কমপ্লেক্স নির্মাণের জন্য সম্ভাব্য যোগ্য সংস্থার তালিকায় কেন্দ্র মাত্র তিনটি সংস্থাকে রেখেছিল।
তিনটি নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড, টাটা প্রজেক্টস লিমিটেড এবং শাপুরজি পালনজি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডকে রেখে চুক্তির জন্য দরপত্র জমা দেওয়া আরও চারটি প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণা করা হয়। এ ভাবেই প্রকল্পের দরপত্র যাচাই প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে আসা হয়। লার্সেন ও টার্বো গ্ৰুপের সঙ্গে টাটা কোম্পানির লড়াই চলছিলো এই প্রকল্পের বরাদ্দ নিয়ে। অবশেষে শেষ হাসি হাসলো টাটা।
উল্লেখ্য, বুধবারই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয় কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের পক্ষ থেকে। জানা গিয়েছে, এই নতুন সংসদ ভবন হবে বর্তমান সংসদ ভবনের পাশেই। তবে বর্তমান সংসদ ভবন যেমন গোলাকার, নতুন ভবন হবে ত্রিকোণাকার।
সংসদে থাকবে ৯০০ থেকে ১২০০ সাংসদের বসার আসন। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট, তিন কিলোমিটার জুড়ে হবে সেন্ট্রাল ভিস্টা।৮৬১.৯০ কোটি টাকা সর্বনিম্ন দরপত্র দিয়ে এই বরাদ্দ জিতে নিয়েছে ‘টাটা প্রজেক্টস’। বুধবার কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রীর অধীনে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (সিপিডব্লিউডি) দরপত্র খুলে। ২১ মাসের মধ্যে নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ হওয়ার কথা।
কিন্তু দেশের এই অর্থনৈতিক অবস্থায় কেন নতুন করে সংসদ ভবন গঠন? পূর্ত দফতরের কর্তাদের কথায়, বর্তমান সাংসদ ভবনটি সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। সংস্কারের পরে পুরনো ভবনটি অবশ্য অন্য কাজে ব্যবহার করা হবে।

Post a Comment