বাঁকুড়ায় শাসক-বিরোধী চাপানউতোর
বাঁকুড়ায় শাসক-বিরোধী চাপানউতোর। বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে শাসক দলের নেতৃত্বের মদতে ‘কাটমানি’র বিনিময়ে ২০ জন ‘বহিরাগত’ স্বাস্থ্য কর্মী নিয়োগের অভিযোগ তুলে মঙ্গলবার হাসপাতালের সামনে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। আর এই ঘটনাকে নিয়ে তৈরী হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর।
সূত্রের খবির, ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সম্প্রতি নিরাপত্তারক্ষী, হাউস কিপিং ও ওয়ার্ড সাপোর্ট পদে ২০ জন যুবক যুবতী কাজে যোগ দেন। এদের প্রত্যেকেই ‘বহিরাগত’ ও ‘তৃণমূল নেতাদের মোটা অঙ্কের টাকা উৎকোচ দিয়ে’ কাজে যোগ দিয়েছেন বলে অভিযোগ। অবিলম্বে এই নিয়োগ ‘বাতিলে’র দাবিতেও সরব হন বিজেপি নেতৃত্ব। বিক্ষোভে অংশ নিয়ে বিজেপির ছাতনা-১ মণ্ডল সভাপতি জীবণ মণ্ডল, দলের নেতা অশোক বিদরা বলেন, সম্পূর্ণ গোপনভাবে ‘তৃণমূলের কাটমানিখোর নেতা’রা সম্পূর্ণ টাকার বিনিময়ে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করেছেন।
আর এই ঘটনায় ঐ হাসপাতালের সুপার যুক্ত বলেও তারা অভিযোগ করেন। অবিলম্বে নিয়োগ বাতিল করে স্থানীয়দের সুযোগ না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও তারা দেন। এবিষয়ে ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিশ্বজিৎ দে বলেন, এই নিয়োগের বিষয়ে তাদের কোন হাত নেই। সরকারের তরফে কর্মী সরবরাহে বরাত পাওয়া একটি কোম্পানীর মাধ্যমে ঐ কর্মী নিয়োগ হয়েছে। আমরা পরিষেবা নেবো, কাদের দিয়ে পরিষেবা দেবেন তা ঐ কোম্পানীর নিজস্ব বিষয় বলে তিনি জানান। বাঁকুড়া জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুব্রত দরিপা এবিষয়ে বলেন, ওখানে এজেন্সির মাধ্যমে লোক নিয়োগ হয়। শাসক দলের কোনও হাত নেই। বিজেপি অহেতুক রাজনীতি করছে।
Post a Comment