মহালয়ার ভোরে দলের ‘শহিদ’ কর্মীদের উদ্দেশে তর্পণ করবেন বিজেপি নেতারা

বৃহস্পতিবার মহালয়া। এবারও মহালয়ার ভোরে দলের ‘শহিদ’ কর্মীদের উদ্দেশে তর্পণ করবেন বিজেপি নেতারা। বৃহস্পতিবার কলকাতার বাগবাজার গঙ্গার ঘাটে তর্পনে অংশ নেবেন রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, মুকুল রায়, রাহুল সিনহারা।
তবে সংসদে বাদল অধিবেশন চলায় মহালয়ার ভোরে কলকাতায় দলের কর্মসূচিতে থাকতে পারবেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত বারের ন্যায়, এবার করোনা আবহেও সেই কর্মসূচিতে ছেদ পড়ছে না। তবে সংক্রমণ এড়াতে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এবারের তর্পন কর্মসূচিতে দলের ২২ ‘শহিদ’ পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিথি অনুযায়ী এবার আগামী ১৭ সেপ্টেম্বর মহালয়া। জানা গিয়েছে, সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে এবার গঙ্গার ঘাটগুলিতে সামাজিক দূরত্ব মানার জন্য দাগ কেটে দেওয়া হবে। তর্পনে আসা প্রত্যেককে মাস্ক পরে আসতে হবে। মাস্ক না পরে এলে তাঁকে বাড়ি ফিরিয়ে দেবে পুলিশ। অন্যবারের চেয়ে এবার পরিস্থিতি ভিন্ন। সেই কারণেই গঙ্গার ঘাটগুলিতে পুলিশকর্মীদের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
Post a Comment