বাংলাদেশে খরচ বাড়ল আকাশপথে ভ্রমণে
দি নিউজ লায়ন ; করোনায় খরচ বাড়ল আকাশপথে ভ্রমণে। আজ রবিবার থেকে বাংলাদেশের যে কোনো বিমানবন্দর ব্যবহার করে কোথাও গেলেই যাত্রীদের গুনতে হবে বাড়তি ফি। বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে নতুন ফি আরোপ করা হয়েছে।
উড়োজাহাজের টিকিটের সঙ্গে ভ্যাট বাবদ এ ফি কেটে নেওয়া হবে। গত জুলাইয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত নোটিশ জারি করে। এ বাড়তি ফি বিমান ভ্রমণে যাত্রীদের কিছুটা হলেও নিরুৎসাহিত করবে বলে মনে করছেন এয়ারলাইন্স সংশ্লিষ্টরা। সূত্রে জানা গিয়েছে, যারা ১৬ আগস্টের টিকিট ইতোমধ্যে কেটেছেন, তাদের বর্ধিত ফি পরিশোধ করতে হয়েছে।
বেবিচক বলছে, সার্কভুক্ত দেশগুলোতে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি হিসেবে পাঁচ ডলার ও নিরাপত্তা ফি হিসেবে ছয় ডলার করে দিতে হবে। আন্তর্জাতিক গন্তব্যে প্রতি টিকিটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে। অন্যদিকে, অভ্যন্তরীণ রুটে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা ও নিরাপত্তা ফি ৭০ টাকা। অর্থাৎ অভ্যন্তরীণ রুটে যাত্রীদের খরচ বাড়ল ১৭০ টাকা।
বেবিচকের এক নোটিশে বলা হয়, যাত্রীদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এটিই নতুন আরোপিত সর্বাধিক ফি। বেবিচকের পরিচালক (অর্থ) মোয়াজ্জেম হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আজ রবিবার থেকে বাংলাদেশের যে কোনো বিমানবন্দর ব্যবহার করলে নিরাপত্তা ও উন্নয়ন চার্জ পরিশোধ করতে হবে। যা টিকিট কেনার সময় পরিশোধ করতে হবে।

Post a Comment