গোবরডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
অরূপ অধিকারী ; গোবরডাঙ্গা থানার অন্তর্গত গৈপুর নতুন পাড়া ১ নম্বর ওয়ার্ডের এক তরতাজা যুবক মৃন্ময় দাস (২০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন। মৃতের ছোটো কাকা অরুণ দাস জানান, গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন রেলবাজারে মৃন্ময়ের একটি চালের দোকান রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সেই দোকানে বিদ্যুৎ ওয়্যারিংয়ের কাজ চলছিল। অসাবধানতাবশত বিদ্যুতের তারে তাঁর হাত পেঁচিয়ে যায়।
তৎক্ষণাৎ স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। কিন্তু অবস্থা খারাপ থাকায় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসাতে পাঠানো হয়েছে।
মৃত মৃন্ময় দাস সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত চার বছর আগে বাবা নারায়ণ চন্দ্র দাস মারা যাবার পর সংসারের হাল নিজের কাঁধে তুলে নেন মৃন্ময়। তাঁর মা এবং দিদি শোকে মুহ্যমান। এখন কীভাবে তাঁদের সংসার চলবে সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
Post a Comment