বাড়ছে করোনা সংক্রমণ, ফের সাত দিনের জন্য পাহাড়ে লকডাউন
দি নিউজ লায়ন ; পাহাড়ে বাড়লো লকডাউন। কাল অর্থাৎ রবিবার থেকে ফের 7 দিনের লকডাউন পাহাড়ে। এর আগে ২৬ জুলাই থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছিল জিটিএ। তার মেয়াদ আজ অর্থাৎ শনিবার শেষ হলো। কিন্তু করোনা সংক্রমণ ফের কিছুটা বাড়ায় আরো ৭ দিন তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জিটিএ।
অর্থাৎ আগামী ৮ আগস্ট অব্দি পাহাড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। জিটিএ চেয়ারম্যান অনিত থাপা এ প্রসঙ্গে জানান, দার্জিলিং,কালিম্পং,কার্শিয়াং এবং মিরিক পুরসভা এলাকায় লকডাউন চলবে। পাশাপাশি তিনধরিয়া, বিজনবাড়ি, সুকিয়া এবং সোনাদাতেও চলবে সম্পূর্ণ লকডাউন।
তবে আগের লকডাউন এর মতই অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা এবং আপৎকালীন পরিষেবাকে লকডাউন-এর আওতার বাইরে রাখা হয়েছে। জিটিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে জেলা প্রশাসনের আধিকারিক এবং পুলিশের সঙ্গে আলোচনা করে লকডাউন আরও সাত দিনের জন্য দার্জিলিং সহ পাহাড়ের সর্বত্র বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত বলে জিটিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

Post a Comment