বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কাকা ভাইপো
দি নিউজ লায়ন ; বৃষ্টিতে ভিজে ভরসন্ধ্যেয় পুরানো বাড়ি থেকে নতুন বাড়িতে বিদ্যুতের তার টানছিলেন কাকা।ভেজা হাতেই তারের খোলা জায়গায় হাত দিয়ে মাটিতে ছিটকে পড়েন তিনি।জলকাদায় পড়ে কাকাকে ছটফট করতে দেখে ছুটে যায় ভাইপো।কাকাকে মাটি থেকে টেনে তোলার চেষ্টা করতেই সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় পরপর দুটি এমন মৃত্যুর জেরে শোকস্তব্ধ হয়ে পড়ে নরেন্দ্রপুর থানার খেয়াদহ অঞ্চল। মৃত কাকার নাম অরুপ মণ্ডল (২৩), ভাইপোর নাম বুবাই মণ্ডল (২০)।নরেন্দ্রপুর থানার পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের হরপুর এলাকায় বাড়ি অরুপ মন্ডলের।নিজের জমিতে চাষবাস করেই তাঁর সংসার চলত।ভাইপো বুবাইও চাষবাসের সঙ্গে যুক্ত।বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের পুরানো ঘর থেকে নতুন করে সার্ভিস তার টানছিলেন অরুপ।আচমকা সেই তারের খোলা অংশে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
তাঁকে ছটফট করতে দেখে হাত ধরে টেনে তোলার চেষ্টা করে বুবাই।সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।দুজনেই কিছুক্ষনের মধ্যেই নিথর হয়ে যান।প্রতিবেশিরা দুজনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।

Post a Comment