ভাড়াটিয়ার রডের আঘাতে মারা গেলো বাড়িওয়ালা
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের মাদারীপুরের শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় ভাড়াটিয়ার রডের আঘাতে মৃত্যু হয়েছে বাড়িওয়ালার। গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে বৃহস্পতিবার রাতে আহত আবু আলম আকন মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবু আলমের তিন তলা বাড়ির নিচতলায় মায়া বেগম তিন বছর যাবৎ ভাড়া থাকেন।
মায়া বেগম ও তার পরিবারের চলাচলে বাড়িওয়ালা আবু আলম আকন দীর্ঘদিন ধরেই বাড়ি ছেড়ে দিতে তাকে নোটিশ দেন। কিন্তু ভাড়াটিয়া কিছুতেই বাড়ি ছেড়ে যেতে চাননি। এরই জের ধরে গত সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাড়িওয়ালা আবু আলম আকনের সঙ্গে ভাড়াটিয়া মায়া বেগমের বাগবিতণ্ডা হয়। এক পর্যায় ভাড়াটিয়া মায়া বেগমের ভগ্নিপতি বিপ্লব মিয়ার নেতৃত্বে ৬-৭ জনের একটি দল বাড়িওয়ালা আবু আলম আকন ও তার পরিবারের ওপর হামলা চালায়। তাকে মারধরসহ বুকে রড দিয়ে আঘাত করে।
এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেয়া হলে তার হৃদরোগ ধরা পড়ে। কর্তব্যরত চিকিৎসক তার হার্টে রিং পরান। দুইদিন পর অবস্থা অবনতি হলে বৃহস্পতিবার রাতে (২৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় আবু আলম মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন জানান, বাড়িভাড়া নিয়ে তাদের মাঝে মাঝেই ঝগড়া বিবাদ হতো। গত সোমবার দুপুরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে ঝগড়া বিবাদ ও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে বাড়িওয়ালা আবু আলম গুরুতর আহত হন।
শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, ভাড়াটিয়া ও বাড়িওয়ালার মধ্যে ভাড়া নিয়ে মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবু আলম আকন বাদী হয়ে শিবচর থানায় একটি মামলাও দায়ের করেন।

Post a Comment