কাশ্মীরে ফের জঙ্গি হানা, নিহত দুই জওয়ান সহ এক পুলিশকর্মী
দি নিউজ লায়ন ; কাশ্মীরের
বারামুল্লায় ফের নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। স্থানীয় সুত্রে
জানা গিয়েছে, সোমবার ভোরবেলা এক টহলদারী
দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে
ওঠার আগেই টহলদারী দলে থাকা এক স্পেশ্যাল পুলিশ অফিসার ও দুই জন সিআরপিএফ জওয়ান
গুলিবিদ্ধ হন। পরে তাঁদের মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে বারামুল্লার ক্রিরি এলাকায়। এদিকে ঘটনার পরেই সেখান থেকে পালাতে
সক্ষম হয় জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে এলাকায় জোর তল্লাশি চলছে। পুরো এলাকা ঘিরে ফেলা
হয়েছে যাতে কোনও জঙ্গি পালাতে না পারে।
এদিকে গত
রবিবারও কাশ্মীরের বারামুল্লা জেলায় সেনা জওয়ানদের উপর হামলা
চালিয়েছিলো জঙ্গিরা। তল্লাশি অভিযান
চালানোর সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে সেই ঘটনায় হতাহতের কোনও খবর
পাওয়া যায়নি। তবে এই ঘটনার পরই বারামুল্লায় নজরদারি বাড়ানো হয় নিরাপত্তারক্ষী
বাহিনীর পক্ষ থেকে।
রবিবার বারামুল্লার সোপুর এলাকায় তল্লাশি অভিযান চলছিল। সেই
সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এলাকাকে ঘিরে ফেলা হয়েছে যাতে কোনও জঙ্গি পালাতে না পারে। তবে কড়া নজরদারির মাঝেও
একদিনের ব্যবধানেই সোমবার সকালে ফের জঙ্গি
হামলা হল সেই বারামুল্লাতেই।

Post a Comment