করোনা যুদ্ধে জয়ী হয়ে প্লাজমা দান
দি নিউজ লায়ন ; করোনা যুদ্ধে জয়ী হয়েই প্লাজমা দান করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার ডা: মহম্মদ ইসমাইল সেখ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর এবং মেডিক্যাল কলেজে সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও প্লাজমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
সোমবার মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে প্লাজমা দেওয়ার জন্য স্বেচ্ছায় রক্তদান করেছেন করোনা জয়ী অ্যাসিস্ট্যান্ট সুপার ডা: মহম্মদ ইসমাইল সেখ। অ্যাসিস্ট্যান্ট সুপারের প্লাজমা দেওয়ার সময় ব্লাড ব্যাংকে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: অমিত দাঁ, ব্লাড ব্যাংক বিভাগের মেডিকেল অফিসার ডা: এম হক , ডা: সুশান্ত ব্যানার্জি , ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্-এর সদস্য তথা মালদা জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা প্রমূখ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে রোগীদের চিকিৎসার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে করোনায় আক্রান্ত হয়েছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার মহম্মদ ইসমাইল সেখ। এরপর তিনি সুস্থ হয়ে ওঠেন। মূলত করোনায় যারা আক্রান্ত হয়েছেন , তাদের সুস্থ হয়ে ওঠার ২৮ দিন চিকিৎসার তদারকি করার পরই রক্তদানের মাধ্যমে এই প্লাজমা সংগ্রহ করা হয়।
মূলত যারা করোণা জয়ী, তাদেরই প্লাজমা নেওয়া হয়ে থাকে এই সংক্রমণের চিকিৎসার ক্ষেত্রে। ৫৫ থেকে ৬০ বছর বয়সী ঊর্ধ্বে করোনায় সুস্থ হওয়া মানুষদের প্লাজমা নেওয়া হয় না। মালদা মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জেলায় জেলায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার পরিসেবা দেওয়ার ক্ষেত্রে প্লাজমা থেরাপি উদ্যোগ নিতে বলা হয়েছিল।
সেই দিকে লক্ষ্য রেখেই করোনা জয়ী রোগীদের প্লাজমা সংগ্রহের ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই প্রথম মালদা জেলায় করোনায় সুস্থ হওয়ার পর, মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার রক্তদানের মাধ্যমে প্লাজমা দিয়েছেন।
মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: অমিত দাঁ জানিয়েছেন, যেহেতু প্লাজমা দান শুধুমাত্র করোনা জয়ীরা করতে পারেন। তাই তাদের এগিয়ে আসার আবেদন করা হয়েছে। সেই আবেদনে সাড়া দিয়ে মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার মহম্মদ ইসমাইল সেখ রক্তদানের মাধ্যমে প্লাজমা দিয়েছেন।
এরকম আরো যারা প্লাজমা দিতে ইচ্ছুক সেইসব করোনা জয়ী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কাছেও আবেদন করা হয়েছে । এবার থেকে মালদায় করোনা সংক্রমণিতদের প্লাজমাা থেরাপি শুরু করারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

Post a Comment