প্রাক্তন সেনা কর্মকর্তা সিনহা হত্যার বিচার চাইলেন মা
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফে পুলিশের গুলিতে নিহত প্রাক্তন সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার বিচার চাইলেন তার মা। আজ সোমবার দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আসামিদের দৃষ্টান্তমূলক বিচার চান তিনি।
সিনহার মা কেঁদে কেঁদে বলেন, ‘কথায় নয়, কাজে বিশ্বাসী ছিল আমার ছেলে। দেশকে নিয়ে অনেক ভাবতো। ছেলে আমাকে বলতো, আম্মি আমরা যদি দেশে ভালো কিছু রেখে যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটা অনুসরণ করবে।’তিনি আরও বলেন, ‘সিনহা সব সময় ক্রিয়েটিভ কাজ করতে চাইত, সব সময় সারপ্রাইজ দিতে চাইত কাজের মাধ্যমে। ও বলতো, আমি আমার মনের খোরাকের জন্য কাজ করি; যাতে মানুষ উপকৃত হয়।
একটা ডকুমেন্টারি করছি এখনো বলার মতো কিছু হয়নি, যখন হবে তখন বলব।’গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন প্রাক্তন মেজর সিনহা মো. রাশেদ।
দুই বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া রাশেদ ‘জাস্ট গো’ নামে একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য গত প্রায় এক মাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় ছিলেন। ওই কাজেই তার সঙ্গে ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী সিফাত ও শিপ্রা।

Post a Comment