সাতসকালে বাড়ির সামনেই সাংসদের ভাইকে কুপিয়ে হত্যা
ঢাকা প্রতিনিধি : বিবাদমান দ্বন্দ্বের জের ধরে বাংলাদেশের কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আ ক ম সারওয়ার জাহান বাদশার ফুপাতো ভাই হাসিনুর রহমানকে (৫২) কুপিয়ে হত্যা করা হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় দুর্বৃত্তের হাতে জব্বার নামে আরেক ব্যক্তি আহত হন। পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন হাসিনুর রহমান। সাংসদের অবর্তমানে তার ব্যক্তিগত ও দলীয় কাজকর্ম হাসিনুর দেখভাল করতেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে জব্বার নামে একজনের মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি থেকে তিনি স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন।
এ সময় বাড়ির পাশেই একটি দোকানের কাছে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্ত তার ওপর আচমকা হামলা চালায়। হামলাকারী রমদা দিয়ে হাসিনুরের শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকলে এক পর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে হামলাকারী পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলের চালক জব্বার আলী আহত হন।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বাড়িতে ভিড় করেছেন। এলাকায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় স্কুলের শিক্ষক মাহবুবুর রহমান জানান, নিহত হাসিনুর রহমান সাদাসিদা জীবন যাপন করতেন। তিনি মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করতেন।
মানুষের প্রয়োজনে পাশে থাকতেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। দৌলতপুর থানার ওসি নিশিকান্ত জানান, ব্যক্তিগত শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার পরপরই হামলাকারী মজিবর রয়াতিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Post a Comment