চিকিৎসা নিতে গিয়ে মিটফোর্ড হাসপাতাল থেকে পালাল কয়েদি
ঢাকা প্রতিনিধি : চিকিৎসা নিতে গিয়ে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) থেকে মিন্টু মিয়া (২৮) নামে এক কয়েদি পালিয়ে গেছেন। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। কারাগার সূত্র জানিয়েছে, পলাতক মিন্টু টাঙ্গাইলের গোপালপুর থানায় করা মাদকদ্রব্য মামলার আসামি।
তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ নানা অসুখে ভুগছেন। তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মিন্টুকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে গতকাল শুক্রবার রাতে তাকে হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বলেন, মিন্টুর সঙ্গে তিনজন কারারক্ষী ছিলেন। এরপরও তিনি কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মিন্টুর বাড়িতে লোক পাঠানোর ব্যবস্থা করছেন বলেও জানান কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ।

Post a Comment