খুবই উত্তেজনাময় লেবানন
করোনায় তেমন মৃত্যু হয়নি বলে স্বস্তিতে ছিল লেবানন সরকার। কিন্তু গত মঙ্গলবার রাজধানী বেইরুটের ভায়াবহ বিস্ফোরণের পর সরকার পতনের মুখে পড়তে চলেছে। সরকারি গাফিলতিতে বেইরুটে এই দুর্ঘটনার পর থেকে জনগণ ক্ষিপ্ত। সপ্তাহ শেষে বিক্ষোভ এমন আকার নিয়েছে যে শনিবার সকাল পর্যন্ত একটার পর একটা মন্ত্রকে ঢুকে ক্ষিপ্ত জনগণ ভাঙচুর চালাচ্ছেন।
আলজাজিরা, রয়টার্সের খবর, লেবাননের পরিস্থিতি খুবই উত্তেজনাময়। সরকার পড়ে যেতে পারে এমনই আশঙ্কা তৈরি হচ্ছে। বিক্ষোভ রুখতে পুলিশের গুলিতে জখম অনেকে। প্রতিবাদের তীব্রতা বাড়তে থাকায় সাংসদরা পদত্যাগ করতে শুরু করেছেন। সূত্রের খবর, বিক্ষোভকারীরা লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউনের ছবি পুড়িয়ে দেয়। প্রথমে বিদেশমন্ত্রকে ঢুকে পড়ে বিক্ষুব্ধরা। শুরু হয় ভাঙচুর।এরপর বিভিন্ন মন্ত্রক আক্রান্ত হয়। বিক্ষোভকারীরা দেশের সব মন্ত্রক দখল করার হুমকি দিচ্ছে।
বন্দরের সরকারি কর্মীদের গাফিলতিতে বিস্ফোরণ হয়েছে এমন দাবি করে লেবানন সরকার তাদের গৃহবন্দি করার নির্দেশ দেয়। সেই সঙ্গে জারি হয় দু’সপ্তাহের জরুরি অবস্থা। তার পরেই বিক্ষোভ ছড়িয়েছে। গাল্ফ নিউজের খবর, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে।

Post a Comment