আইপিএলের সমালোচকদের বাউন্ডারির বাইরে পাঠালেন সুনীল গাভাসকর - The News Lion

আইপিএলের সমালোচকদের বাউন্ডারির বাইরে পাঠালেন সুনীল গাভাসকর



সম্প্রতি আইপিএলের সমালোচকদের বাউন্ডারির বাইরে পাঠালেন সুনীল মনোহর গাভাসকর। সূত্রের খবর অনুযায়ী, গাভাসকর বলছেন, ‘আর্থিক দিকটার কথা মাথায় রেখে সমালোচকরা আইপিএলের নিন্দায় মুখর হয়। তারা আইপিএলের অন্য দিকটায় নজর দেওয়ার চেষ্টা করেন না।  আমার মনে হয় হিংসা চরিতার্থ করতেই মানুষ এসব কাজ করে থাকেন। যারা আইপিএল থেকে কোনওভাবেই লাভবান হতে পারেন না, আইপিএল থেকে যাদের কিছু পাওয়ার নেই তারাই সমালোচনা করে থাকেন।’




একইসঙ্গে গাভাসকর বলেছেন আইপিএল’কে আক্রমণ করা ভীষণ সহজ। তাই কেউ কেউ মাঝেমধ্যে প্রচার পাওয়ার জন্য আইপিএল’কে টার্গেট করে থাকেন। একইসঙ্গে বহু মানুষ আছেন যারা ভারতীয় ক্রিকেটের শুভাকাঙ্খী হিসেবে নিজেদের জাহির করতে ভালোবাসেন। আর সেই কারণেই কোনও যুক্তি ছাড়াই আইপিএলের বিরোধীতা করতে পছন্দ করেন। গাভাসকর বলেছেন এমন সমালোচকরা আসলে মননশীল একেবারেই নন, বরং ঠান্ডা ঘরে বসে কোনও বিষয়ে জাজমেন্ট দেওয়া এদের অভ্যাস।




একইসঙ্গে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৩৪টি শতরানের মালিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগকে ‘কটেজ ইন্ড্রাস্টি’ আখ্যা দিয়েছেন। গাভাসকরের কথায় আইপিএলকে কেন্দ্র করে বহু মানুষের কর্মসংস্থান এবং জীবিকার বন্দোবস্ত হয়।     কিংবদন্তি বলেছেন, ‘এমন অনেক মানুষ আছেন আইপিএলকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করে থাকেন। হতে পারে কেউ সমর্থকদের মুখ প্রিয় দলের রংয়ে রাঙিয়ে দেন। কেউ আবার স্টেডিয়ামের বাইরে প্রিয় দলের জার্সি বিক্রি করেন। কিছু মানুষ সেই জার্সিগুলো তৈরি করেন। পাশপাশি স্টেডিয়ামের বাইরে অনেক মানুষ খাবার বিক্রি করেও জীবিকা নির্বাহের পথ খুঁজে নেন আইপিএল’কে কেন্দ্র করে। সবমিলিয়ে আইপিএল’কে ঘিরে একটা কটেজ ইন্ড্রাষ্টি গড়ে উঠেছে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.