ডিজিটাল যুগেও রাস্তা না থাকার জন্য অসুস্থ মহিলাকে খাটে চাপিয়ে নিয়ে যেতে হয় হাসপাতালে
দেশ ডিজিটাল হচ্ছে, তাও এমন কিছু জায়গা আছে, যেখানে চলার সামান্য রাস্তাটুকুও নেই। অবস্থা এমন যে অসুস্থ মহিলাকে খাটে চাপিয়ে নিয়ে যেতে হয় হাসপাতালে। ঘটনাটি মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলার। সেখানে উপায়ন্তর না পেয়ে একটি বাঁশের সঙ্গে দড়ি বেঁধে খাট ঝুলিয়ে এক অসুস্থ মহিলাকে হাসপাতালে পৌঁছে দিল পরিবারের লোকেরা।
সোমবার এই নিদারুণ ঘটনার সাক্ষী থেকেছে মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলা। অসুস্থ মহিলার ছেলে সোম লাল যাদব জানিয়েছে, “আমার মা হার্টের রোগী। আমরা ডোংরা পঞ্চায়েত এলাকায় থাকি। এখানে কোনও রাস্তা নেই এবং বিশেষত বৃষ্টির সময়ে চলা কঠিন হয়ে পড়ে। প্রশাসনের আধিকারিকরা এসে আশ্বাস দিয়েছিলেন, একটি রাস্তা তৈরি করা হবে, তবে সমস্যার কোনও সমাধান এখনও হয়নি।” তিনি বলেন, “আমাদের বাড়ি মেইন রোড থেকে প্রায় ২ কিমি ভেতরে।
মাকে অসুস্থ দেখে আমি অ্যাম্বুলেন্সে ফোন করি, কিন্তু তাঁরা জানায় তাঁদের আসতে ২ ঘন্টা সময় লাগবে। তাই আমরা সিদ্ধান্ত নিই, আমরা নিজেরাই তাঁকে হাসপাতালে নিয়ে যাব। আমাদের বাইক ছিল মেইন রোডে। পাশাপাশি তিনি জানিয়েছেন, সেখানে ইলেক্ট্রিকেরও সমস্যা আছে। ওই মহিলার স্বামীর বক্তব্য, “রাস্তাঘাট না থাকায় কারণে পরিবারের লোকেদেরই আমার স্ত্রীকে তিন কিলোমিটারেরও বেশি রাস্তা বহন করে নিয়ে যায়। এখানে রাস্তা না থাকায় আমরা সমস্যার মধ্যে রয়েছি।

Post a Comment