মসজিদ ভেঙে পাবলিক টয়লেট বানানোর অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে
মসজিদ ভেঙে পাবলিক টয়লেট বানানোর অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। অভিযোগ, উইঘর মুসলিমদের একটি মসজিদ ভেঙে সাধারণ মানুষের জন্য পাবলিক টয়লেট বানিয়েছে চিনের সরকার। বিষয়টি প্রকাশ্যে আসতেই এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
চিনে বসবাসকারী উইঘুরদের পাঁচ হাজারের বেশি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে, চিনের উত্তর-পশ্চিমে জিনজিয়াং প্রদেশের আতুশ এলাকার সুনতাগ গ্রামের বাইরে টোকুল নামে একটি মসজিদকে ভেঙে সেখানে সাধারণ মানুষের জন্য পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছে সেদেশের সরকার। তবে তার ব্যবহার এখন শুরু হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় উইঘুর মুসলিমদের মধ্যে ক্ষোভ থাকলেও ভয়ে কেউ মুখ খুলছেন না।
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, ২০১৮ সালে জিনপিং সরকার টোকুল নামে ওই মসজিদটি ভেঙে ফেলে। এখন তারা সেখানে পাবলিক টয়লেট বানিয়েছে। তবে সেটি এখনও পর্যন্ত সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, এই এলাকার প্রতিটি মানুষের বাড়িতে শৌচাগার রয়েছে। তাই আলাদা করে বানানোর দরকার না থাকলেও শুধু উইঘুর মুসলিমদের মনে আঘাত করার জন্যই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও টোকুল মসজিদের আশপাশের সব মসজিদই ভেঙে ফেলা হবে বলেও প্রশাসনের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন।

Post a Comment