সারা রাজ্যেই উত্তরবঙ্গ মডেল চালুর ভাবনা বন দফতরের
দি নিউজ লায়ন ; হাতি সমস্যা সমাধানে এবার সারা রাজ্যেই উত্তরবঙ্গ মডেল চালু করতে চলেছে রাজ্য সরকার। আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে পোড়ামাটির হাটে রাজ্য স্তরের বনমহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানে হাজির হয়ে একথা জানান রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে হাতি সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই বাইকের বহুল ব্যবহার শুরু করেছেন বন দফতরের কর্মী আধিকারিকরা।
হাতি হানা দেওয়ার খবর মিলতেই বন দফতরের তরফে দেওয়া বাইকে করে দ্রুত বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছেন। ফলে সেখানে ক্ষয়ক্ষতির পরিমান ক্রমশ কমছে। হাতি মানুষ সংঘাতের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসু এই মডেলকেই এবার হাতিয়ার করে রাজ্য জুড়ে তা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর।
এজন্য রাজ্যের অন্যত্রও বন দফতরের কর্মীদের হাতে বাইক দেওয়ার কথা এদিন ঘোষনা করেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বন দফতরের পরিকাঠামো ও কর্মী সংখ্যার ঘাটতি দ্রুত পূরন করা হবে বলেও এদিন জানিয়েছেন বন মন্ত্রী।
এদিনের বনমহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানে বন মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা ও বনদফতরের আধিকারিকরা।

Post a Comment