শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে হাটে বিক্রির সময় হাতেনাতে ধরা!
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজারে শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে পার্শ্ববর্তী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কোরবানির পশুর হাটে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন জামাই সোহেল আহমদ (২৮)। পরে চোরাই গরুসহ সোহেলকে বিয়ানীবাজার পুলিশের কাছে সোপর্দ করে কোরবানির হাটের ইজারাদার।
গত বুধবার বিকেলে বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার হাটে এ ঘটনা ঘটে। আটক সোহেল বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকার বাসিন্দা।বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের পাতন উছপাড়া গ্রাম থেকে চাচাশ্বশুরের একটি গরু চুরি করে নিয়ে যান সোহেল আহমদ। পরে বুধবার বিকেলে গরুটি বিক্রি করতে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার কোরবানির পশুর হাটে নিয়ে যান।
কিন্তু হাটে গরুটির দাম তুলনামূলক কম চাওয়া এবং তাড়াহুড়ো করে বিক্রি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সোহেলকে ধরে বর্ণি ইউনিয়ন পরিষদে আটকে রাখেন। খবর পেয়ে গরুসহ সোহেলকে আটক করে পুলিশ বিয়ানীবাজার থানায় নিয়ে যায়।ওসি অবনী শংকর কর আরও জানান, চোরাই গরুসহ সোহেল আহমদ নামের একজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় বুধবার রাতে গরুর মালিক বিয়ানীবাজার থানায় একটি মামলা করেছেন।বৃহস্পতিবার সোহেল আহমদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি অবনী শংকর কর।

Post a Comment