একের পর এক হুমকি বার্তা পাচ্ছেন গোটা ভাট পরিবার
সুশান্তের মৃত্যুর পর থেকে একের পর এক হুমকি বার্তা পাচ্ছেন গোটা ভাট পরিবার। সুশান্তের মৃত্যুর পরে গোটা বলিউড জুড়ে স্বজনপোষণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আর এই স্বজনপোষণের জন্যই আলিয়া নাকি অতিরিক্ত সুবিধাপ্রাপ্ত, এই দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে নেপোটিজমের কারণেই সুশান্ত অবসাদে চলে গিয়েছিলেন। যদিও এখনও সে বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি কারণ তাঁর ঘর থেকে কোনও সুইসাইড-নোট মেলেনি।
তবে এই নেপোটিজমের জন্যই আলিয়া ভাট ও মহেশ ভাট-সহ তাঁদের পরিবার একের পর এক হুমকি পেয়ে চলেছেন। আর তারই কিছু স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করলেন আলিয়ার দিদি শাহিন ভাট। শাহিন যে স্ক্রিনশট গুলো শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে সুশান্ত মৃত্যুর পর থেকে তাঁরা অনবরত খুন এবং ধর্ষণের হুমকি পাচ্ছেন। তার সঙ্গে নানা রকম অশ্লীল ভাষায় তাঁদের আক্রমন করা হচ্ছে। শাহিন জানিয়েছেন এই বিষয়গুলি তিনি আর এড়িয়ে যাবেন না। তিনি লিখছেন, “এগুলো কি আপনাদের অবাক করছে? কেন? আমায় কিন্তু অবাক করছে না।”
যারা তাদের ধর্ষণ খুনের হুমকি দিচ্ছে এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করছে তাদের বিরুদ্ধে তিনি কী কী পদক্ষেপ করতে চলেছেন তার একটি তালিকা প্রকাশ করেছেন শাহিন। তিনি জানিয়েছেন প্রথমে তাদের ব্লক করে রিপোর্ট করা হবে। দ্বিতীয়ত তিনি লিখছেন, “আমি আপনাদের পরিচিতি রক্ষা করব না। তৃতীয়ত আমি আইনি পদক্ষেপ করব। আপনি যদি ভেবে থাকেন আপনাকে খুঁজে বের করতে পারব না কারণ আপনার অ্যাকাউন্টে কোনো নাম নেই তাহলে সতর্ক হোন।
কারণ আইপি অ্যাড্রেস দিয়ে আপনাকে সহজেই খুজে বের করা যাবে। আপনি অদৃশ্য নন। হেনস্থা করা একটা অপরাধ।” ইনস্টাগ্রাম স্টোরিতে ধর্ষণ ও খুনের হুমকির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শাহিন। অন্যদিকে আলিয়া এই বিষয়ে কিছু মন্তব্য না করলেও নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কমেন্ট সেকশনটি বন্ধ করে রেখেছেন। আলিয়ার মা সোনি রাজদানও ইনস্টাগ্রামে তাঁর কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন।
Post a Comment