বালিতে বাসের ধাক্কায় পুলিশ কর্মীর মৃত্যু
বাসের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মঙ্গলবার রাত আটটা নাগাদ বালি থানা এলাকার বাদামতলায় পেট্রোল পাম্পের কাছে জিটি রোডে ওই ঘটনা ঘটে। ৫৬ নম্বর রুটের একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। তিনি হাওড়ার দিক থেকে বাইকে চেপে বালির দিকে যাচ্ছিলেন।
বাসটিও আসছিল একইদিকে। সে সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বালি থানার পুলিশ। গুরুতর জখম বাইক আরোহী ওই পুলিশ কর্মীকে এক টোটো চালক প্রথমে শ্রমজীবী হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতের চিকিৎসা না হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতলে।
সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। পুলিশ সূত্রের খবর, মৃত পুলিশ কর্মীর নাম নারায়ণ বন্দ্যোপাধ্যায় (৪৮)। তিনি পুলিশের ব্রেকডাউন ভ্যানের চালক ছিলেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার শ্যামনগরে বলে জানা গেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। তাঁর খোঁজ চলছে।

Post a Comment