তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি হলেন মন্ত্রী শ্যামল সাঁতরা
এক বছর যেতে না যেতেই ফের বাঁকুড়া জেলা তৃনমূলে বড়সড় রদবদল। এবার জেলা সভাপতি পদে সুভাশিস বটব্যালের বদলে দায়িত্ব দেওয়া হল কোতুলপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা কে। দলের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে শুভাশিস বটব্যালকে তৃনমূলের বাঁকুড়া জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হল। এছাড়াও বাঁকুড়া জেলার তিনটি মহকুমা এলাকায় তিনজনকে দলের কো অর্ডিনেটার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া সদর মহকুমায় দলের কো অর্ডিনেটার হলেন সুব্রত দরিপা। বিষ্ণুপুর মহকুমা এলাকায় কো অর্ডিনেটার পদে দায়িত্ব পেয়েছেন ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে ও খাতড়া মহকুমা এলাকার কো অর্ডিনেটার পদে দায়িত্ব দেওয়া হয়েছে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মূকে। আজ মুখ্যমন্ত্রী বাঁকুড়া জেলা তৃনমূল নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন।
সেই ভিডিও কনফারেন্সেই তৃনমূল জেলা নেতৃত্বে এই রদবদল ঘটানো হয় বলে দলীয় সূত্রে খবর। দলের জেলা সভাপতি পদে দায়িত্ব পেয়ে মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, আমি বরাবরই মাঠে নেমে রাজনীতি করি। এবার সেই দায়িত্ব আরো বেড়ে গেল। আমি দলের সকলকে নিয়েই আগামী দিনে চলতে চাই। আপাতত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার ১২ টি বিধানসভা আসন দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়াই আমার কাছে প্রাথমিক লক্ষ।

Post a Comment