এক হাজার কিলোমিটার দূর থেকে রোজ প্লেনে করে আসছে মায়ের দুধ
ভারতের শাসনাধীন লাদাখের লেহ শহর থেকে দিল্লি হাজার কিলোমিটার দূরের পথ। কিন্তু দূরত্বকে অগ্রাহ্য করে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন নবজাতককে বাঁচাতে লাদাখ থেকে প্রতিদিন দুধ পাঠাচ্ছেন তার মা। দিল্লি বিমানবন্দর থেকে সে দুধ বোতলে করে পৌঁছে যাচ্ছে দিল্লীর শালিমনগরের একটি বেসরকারি হাসপাতালে। ৩৩ বছর বয়সী জিকমেট ওয়াঙ্গদুস আর তাঁর আত্মীয়কে প্রতিদিনই ছুটতে হচ্ছে দিল্লি বিমানবন্দরে।
জিকমেটের স্ত্রী ৩০ বছর বয়সী দোরজে পালমো গত ১৬ জুন লেহ’র একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায়, শিশুটি খেতে পারছে না। শিশুটির মা-বাবাকে রেখে শিশুটিকে দিল্লিতে নিয়ে আসেন মামা। পরে দিল্লি আসেন বাবা জিকমেটও।
চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, নবজাতকের খাদ্যনালী ও শ্বাসনালী একসঙ্গে জুড়ে আছে। এরপর জটিল অস্ত্রোপচার করা হয়। চার দিনের শিশুর জন্য সেটা ছিল কঠিন লড়াই।
পরের তিনদিন শিশুটিকে নাকে নল লাগিয়ে খাওয়ানো হচ্ছিল। চিকিৎসকরা জানান, শিশুর জন্য মায়ের দুধ আনতে হবে। কিন্তু মা আসতে পারছেন না দিল্লিতে।
এ অবস্থায় এগিয়ে আসে একটি বিমান সংস্থা। মায়ের দুধ ভর্তি বোতলগুলো তারা দিল্লিতে প্রতিদিন পৌঁছে দিচ্ছে বিনা ভাড়ায়।

Post a Comment