উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি, তিস্তায় জারি হয়েছে লাল সতর্কতা
রবিবার গভীর রাত থেকে টানা বর্ষণে ফের জলমগ্ন হয়ে পড়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে প্লাবিত হয়ে পড়েছে ডুয়ার্স। তিস্তায় জারি হয়েছে লাল সতর্কতা।
প্রবল বৃষ্টিতে আংড়াভাষা নদীতে শুরু হয়েছে ভাঙন। নদী গর্ভে চলে গিয়েছে গয়ারকাটা চা বাগানের একাংশ। জ্যোতির্ময় কলোনিতেও জল ঢুকতে শুরু করেছে। অন্যদিকে জলপাইগুড়ির পানারহাটেও শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি ভুটান থেকে জল ছাড়ায় জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
হাতি নালায় ইতিমধ্যেই জল উপচে ঢুকে পড়ে বিন্নাগুড়ির একাধিক এলাকায়। জলবন্দি হয়ে পড়ে ১৫০টি পরিবার। রাজ্য সড়কের উপর দিয়ে জল বইতে শুরু করে। বিন্নাগুড়ি–বানারহাটের প্রায় ছয়টি চা-বাগানের উপর দিয়ে বইতে থাকে জলের স্রোত।
বুধবার সকালে গজলডোবায় তিস্তা বাঁধ থেকে ৩৬০০৮৪ কিউসেক জল ছাড়া হয়েছে, এর ফলে দোমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে দার্জিলিঙের রাস্তায় ধস নামে। শিলিগুড়ি থেকে দার্জিলিঙ যাওয়ার পথে রোহিনী রোডে ধস নামে। প্রায় ১২ ঘণ্টা পর বুধবার খুলল রাস্তা খোলা হয়।

Post a Comment