অমরনাথ যাত্রার উপর বড় জঙ্গি নাশকতার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী
গত ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের হাতে খতম হয়েছে ৬ জঙ্গি। পুলিশ জানিয়েছে অমরনাথ যাত্রার উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল এই জঙ্গিদের।
শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার আমশিপোরা গ্রামে শুরু হয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ। গোপন সূত্রে খবর পেয়ে এই এলাকায় অভিযান চালায় সেনা, আধাসেনা ও পুলিশের যৌথ বাহিনী। নিরাপত্তা বাহিনীকে দেখে প্রথমে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা, পাল্টা জবাব দেয় বাহিনী।
কয়েকঘণ্টা সংঘর্ষ চলার পর ৩ জঙ্গির মৃত্যু হয় বলে খবর। অন্যদিকে, শুক্রবার বিকেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কুলগামে মারা যায় আরও তিন জঙ্গি। মৃতদের মধ্যে একজন জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার কমান্ডার ছিল বলে জানা গিয়েছে।
সেনা সূত্রে খবর, জঙ্গিদের উদ্দেশ্য ছিল অমরনাথ যাত্রায় হামলা করা। তার জন্যই তৈরি হচ্ছিল তারা। ২১ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তার আগেই দুটি দলে ভাগ হয়ে তৈরি হচ্ছিল তারা। জইশ কম্যান্ডারের দায়িত্ব ছিল বিস্ফোরক তৈরি করা। কিন্তু এই যাত্রার চারদিন আগেই তাদের খতম করতে সক্ষম হয়েছে সেনা।
Post a Comment