ডাইনি সন্দেহে বাঁকুড়ায় বাড়ি ছাড়া আদিবাসী পরিবার
ডাইনি সন্দেহে এক আদিবাসী পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের জামিরডিহা গ্রামে দেওরের ছেলে অসুস্থ হওয়ায় চূড়ামনী মান্ডি নামের এক আদিবাসী গৃহবধূকে ডাইনি সাব্যস্ত করা হয়। চূড়ামনী মান্ডিকে ডাইনি বিদ্যা দূর করতে রাজ্যে ও রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় পুজো দেওয়ার নিদান দেওয়া হয়।
জানগুরুর নির্দেশে চূড়ামনী মান্ডি ও তাঁর পরিবার নিজের গরু ছাগল বিক্রি করে সেই পুজো আর্চা করেন। তারপরও তাঁর ডাইনি অপবাদ ঘোচেনি বলে অভিযোগ। চূড়ামনী মান্ডির দাবি দিন কয়েক আগে পরিবারের সকলকে নিয়ে বাড়ি ছাড়ার জন্য হুমকি দেয় গ্রামবাসীদের একাংশ। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ।
এরপরই স্বামী কাঁদন মান্ডি, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চূড়ামনী মান্ডি গ্রাম ছাড়তে বাধ্য হন বলে অভিযোগ। ওই পরিবারটি আপাতত প্রশাসনের মধ্যস্থতায় নিজেদের বাড়িতে ফিরতে চান।

Post a Comment