বারাসাত, মধ্যমগ্রামের পর এবার উত্তর দমদমে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন
দিন দুয়েক আগেই উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত, মধ্যমগ্রাম, অশোকনগর, দুই দমদমসহ একাধিক পুরসভায় পুরো লকডাউন বা আংশিক লকডাউন করা হয়েছে। এবার সেই পথেই হাঁটল উত্তর দমদম পুরসভা। বৃহস্পতিবার পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় আগামী শনিবার ১৮ তারিখ থেকে পুর এলাকার সমস্ত বাজারঘাট সাতদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন পুর এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। পুরসভার তিন কর্মীও করোনায় আক্রান্ত হন।
গোটা এলাকায় ২৪৩ জন করোনায় আক্রান্ত হন। তার মধ্যে দশজন মারাও গিয়েছেন। পুরসভা সূত্রের খবর, এরপরেই লকডাউন নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। পুরসভায় একাধিক বৈঠকও হয়।
তারপরেই এ দিন পুরপ্রশাসক মন্ডলী লকডাউনের সিদ্ধান্ত কার্যকর করে। তা পুরপ্রশাসক সুবোধ চক্রবর্তী এ দিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেন।
বিজ্ঞপ্তি প্রকাশের পরে থেকেই পুর এলাকায় মাইকিং শুরু করা হয়েছে। পুরসভা সূত্রের খবর, আগামী শনিবার সকাল থেকে ২৪ তারিখ শুক্রবার রাত ১২টা পর্যন্ত পুর এলাকার ৩৪ টি ওয়ার্ডেই কড়া লকডাউন জারি থাকবে।
এরমধ্যে কোন ব্যক্তি মাস্ক ছাড়া বাইরে বেরোলে প্রয়োজনে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। এই সাত দিন ওষুধের দোকান ব্যতীত সব বাজার, দোকান, মল, রেস্টুরেন্ট, সেলুন, জিম বন্ধ থাকবে।
তবে মাছ, মাংস, তরিতরকারি, দুধ নিয়ে ভ্যানে করে ঘুরে ঘুরে ফেরি করা যাবে।মুদি দোকান নির্দিষ্ট অর্ডারের ভিত্তিতে হোম ডেলিভারি দিতে পারবে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত।
যদিও শনি, রবি, সোম ছাড়া বাকি দিনগুলিতে পুরসভার সমস্ত কাজ জারি থাকবে। পুরসভার প্রশাসক সুবোধ চক্রবর্তী জানায়, এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া মানুষের সমাগম হয় এমন সব জায়গা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment