বাবা-ছেলে মিলে লেবুর বাগানে চাষ করলেন গাঁজা!
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের বগুড়ার ধুনট উপজেলায় লেবুর বাগানে চাষকৃত পাঁচটি গাঁজার গাছসহ সবুজ ইসলাম নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন তার বাবা আকবর আলী।
বাবা-ছেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কামারপাড়া খাদুলী গ্রামের বাসিন্দা। আজ শনিবার বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে সবুজকে কারাগারে পাঠানো হয়েছে।মামলা সূত্রে জানা যায়, সবুজ ইসলাম ও তার বাবা আকবর আলী বাড়ির পাশে লেবুর বাগানে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছিলেন।
গাঁজার গাছগুলো বড় হলে তা কেটে তারপর প্রক্রিয়াজাত করে মাদকসেবীদের কাছে বিক্রি করেন তারা। বিষয়টির জানতে পেরে শুক্রবার মধ্যরাতের দিকে পুলিশ ওই লেবুর বাগানে অভিযান চালিয়ে পাঁচটি গাঁজা গাছের সন্ধান পায়।এ সময় গাঁজা গাছগুলো জব্দ করে সবুজকে আটক করেন পুলিশ।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান বাবা আকবর আলী। এ ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন সংবাদমাধ্যমকে বলেন, ‘গাঁজাচাষী সবুজ ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তার বাবা আকবর আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Post a Comment