করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি বাংলাদেশি কোম্পানির
ঢাকা প্রতিনিধি : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা দুনিয়া। এই ভাইরাসের কারণে যখন সারা বিশ্বে হাহাকার অবস্থা, কেউ খুঁজে পাচ্ছে না কোন কূল-কিনারা। বিশ্বের বড় বড় দেশের বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটা ভ্যাকসিন আবিস্কারের।ঠিক এমন সময়ই বাংলাদেশি একটা কোম্পানি- গ্লোব বায়োটেক লিমিটেড, ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছে বলে দাবি করছে।
প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, আসলে আমরা কাজ শুরু করার পর প্রাথমিকভাবে এটা নিয়ে সফল হয়েছি। অ্যানিমেল মডেলে এটা সফল হয়েছে। এখন আমরা আশা করি মানবদেহেও এটা সফলভাবে কাজ করবে।'
তিনি বলেন, 'আমরা বিষয়টি নিয়ে এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে যাব। এরপর তাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী পর্ববর্তী ধাপগুলো সম্পন্ন করবো৷’এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রতিষ্ঠানটি জানায়, এনসিবিআই ভাইরাস ডাটাবেজ অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজার ৭৪৩টি সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স জমা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ থেকে জমা হয়েছে ৭৬টি।
এ সকল সিকোয়েন্স বায়োইনফরম্যাটিক্স টুলের মাধ্যমে পরীক্ষা করে গ্লোব বায়োটেক লিমিটেড তাদের টিকার টার্গেট নিশ্চিত করে। যা যৌক্তিকভাবে এই ভৌগোলিক অঞ্চলে অধিকতর কার্যকরী হবে বলে আশা করছেন তারা।
গ্লোব বায়োটেক লিমিটেড ২০১৫ সালে ক্যান্সার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপ, অটোইমিউন ডিজিজসহ অন্যান্য দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বায়োলজিক্স, নোভেল ড্রাগ এবং বায়োসিমিলার উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে।
বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাসের প্রকোপে সারা বিশ্বের মানুষ যখন বিপর্যস্ত, ঠিক তখনই জাতীয় ও আন্তর্জাতিক প্রয়োজনে গ্লোব বায়োটেক লিমিটেড গবেষণার পাশাপাশি কোভিড-১৯ ‘সনাক্তকরণ কিট, টিকা এবং ওষুধ’ আবিষ্কার সংক্রান্ত গবেষণা কর্মকাণ্ড শুরু করে।
গ্লোব বায়োটেক লিমিটেডের সিইও ড. কাকন নাগ এবং সিওও ড. নাজনীন সুলতানার সার্বিক তত্ত্বাবধায়নে ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছে বলে দাবি করছেন তারা।গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, 'বর্তমান প্রেক্ষাপটে এই টিকাটির সুরক্ষা ও কার্যকারিতা (সেফটি অ্যান্ড ইফিসিয়েসি) নিরীক্ষার লক্ষ্যে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য কাজ করে যাচ্ছি। এই সুরক্ষা ও কার্যকারিতা পরীক্ষায় সরকারের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কামনা করছি আমরা।'
২ জুলাই দুপুর ১২টায় ‘কোভিড -১৯’ এর টিকা আবিষ্কার নিয়ে সংবাদ সম্মেলন করবে গ্লোব বায়োটেক লিমিটেড বলে জানান তিনি।

Post a Comment