তৃণমূল, বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ হালিশহর
তৃণমূল,
বিজেপি
সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠলো উত্তর ২৪ পরগনার হালিশহর। বিজেপি সাংসদ অর্জুন সিং-এর গাড়ি
ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পাল্টা তৃণমূল পার্টি অফিস এবং এক নেতার গাড়িতে হামলা
চলে। পরে ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে।
ব্যারাকপুরের
বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, দলের এক নেতার বাড়িতে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেই সময় বাড়ির
বাইরে রাখা তাঁর গাড়িতে ভাঙচুর করে তৃণমূলের কর্মী সমর্থকরা। একাধিক গাড়িতে
ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি।
এরপরে
স্থানীয় বিজেপি কর্মী, সমর্থকরা হলদেঘাটায়
তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। তৃণমূলের
ভাটপাড়ার পর্যবেক্ষক সুবোধ অধিকারীর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলে
অভিযোগ করেছে তৃণমূল।
এরপরেই এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুপক্ষের বোমাবাজি চলে
বেশ কিছুক্ষণ। জয়েন্ট সিপি অজয় ঠাকুরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়।
অর্জুন সিংকে নিরাপদে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
নৈহাটির
তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক এই ঘটনায় অর্জুন সিংকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ এলাকায় মস্তানি
চালাচ্ছেন অর্জুন। অর্জুন সিং দাঁড়িয়ে থেকে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানো
এবং তৃণমূল নেতার গাড়িতে হামলার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

Post a Comment