করোনার থাকবে কতদিন বলে দিলেন অনুব্রত
করোনার প্রকোপ আর কতদিন থাকবে জানিয়ে দিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর দাবি ‘করোনার মেয়াদ এক বছর।’ শনিবার লাভপুরে তৃণমূলের এক কর্মীসম্মেলনে অনুব্রত বলেন, ‘করোনাভাইরাসের দাপট বছরখানেক থাকবে। সেজন্য ১ বছর বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মানুষ তো আর এই পরিস্থিতিতে কাজ পাবেন না। তাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।’
শনিবার লাভপুরে তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলন ছিল। সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, সাংসদ অসিত মাল, লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য মান্নান হোসেন-সহ দলের নেতা ও কর্মীরা। সেখানে করোনা নিয়ে রাজ্য সরকারের উদ্যোগকে এভাবে ব্যাখ্যা করেছেন অনুব্রত মণ্ডল। এরপর কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ”আপনারা সতর্ক হয়ে যান। পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে বসে থাকবেন না। নিজের কাজ নিজে করুন। মানুষকে পরিষেবা দিন। সব মানুষ কাজ করতে পারবে না।
তাদের পাশে দাঁড়ান।” করোনা নিয়ে নানা সময় নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত। এর আগে ভারতে করোনা সংক্রমণের জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করেছিলেন তিনি। বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে আমদাবাদে আনায় করোনা ছড়িয়েছে ভারতে। নরেন্দ্র মোদীকে আক্রমণ করে অনুব্রত মন্ডল এও বলেছিলেন, “করোনা ভাইরাস এর থেকেও মারাত্মক ভাইরাস অ্যাটাক করেছে ভারতবর্ষকে, সেই ভাইরাসের নাম মোদী ভাইরাস।”
Post a Comment