ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস - The News Lion

ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস




 রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে বজ্রগর্ভ মেঘ থেকে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।  হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।




মৌসুমী অক্ষরেখা এখন অমৃতসর, চণ্ডীগর, জামশেদপুর এবং তারপর দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে শনিবার থেকে ফের আবহাওয়ায় পরিবর্তন হবে উত্তরবঙ্গে। সোমবার গিয়ে তা ফের ভয়ঙ্কর রূপ নিতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।  হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই অক্ষরেখা আজমের, জামশেদপুর, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে।




এর সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। এর জেরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে। এর জন্যই ফের প্রবল বৃষ্টি সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আজ শনিবার বিক্ষিপ্ত দু-এক পশলা ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায়। এদিন রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হবে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ রবিবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার দিনভর। সোমবার এই বৃষ্টি প্রবল হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.