বাড়ির অমতে বিধবা মহিলাকে বিয়ে করেই আত্মঘাতী যুগল
বিধবা মহিলাকে ভালোবেসে গোপনে বিয়ে করে বিয়ের দিনেই আত্মঘাতী হল যুগল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার বনপুকুর গ্রামে। সামাজিক বাঁকা চাহনিকে এড়াতেই যুগলের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন তদন্তকারী পুলিশ ও স্থানীয় মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার রসুলপুর সেখ পাড়ার বাসিন্দা আগমনী বাগদীর বছর কয়েক আগে দেখাশোনা করে বিয়ে হয় ইন্দাসের বনপুকুর গ্রামের এক যুবকের সঙ্গে। মাস ছয়েক আগে স্বামী অসুখে মারা যায়। বিধবা হয়ে পড়েন বছর কুড়ির আগমনী। এরপর সমাজের বাধানিষেধকে উপেক্ষা করেই ভালোবাসার বাঁধনে বনপুকুর গ্রামের প্রসেনজিৎ মাঝির সঙ্গে ভালোবাসার বাঁধনে বাঁধা পড়েন আগমনী।
ক্রমেই ভালোবাসা গাঢ় হতে থাকে। আগমনীর প্রেমে পাগল প্রসেনজিৎ মাঝি বিধবা আগমনীকে বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলে। দুজনেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে গতকাল গোপনে বিয়েও সেরে ফেলে। কিন্তু বিয়ের পর সমাজের বাঁকা চাহনির কথা ভেবে সম্ভবত দুজনে একসাথে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় বলে মনে করছে স্থানীয়রা।
আজ সকালে বনপুকুর গ্রামের পাশে একটি পুকুরের পাড়ে গাছে একই ওড়নার ফাস লাগানো অবস্থায় ওই যুগলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় ইন্দাস থানায়। পরে পুলিশ গিয়ে যুগলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

Post a Comment